নতুন আলোকচিত্রীদের জন্য নাইকনের ক্যামেরা
আলোকচিত্রী হিসেবে যাঁরা নতুন, তাঁদের কথা মাথায় রেখে নতুন মডেলের একটি ডিজিটাল ক্যামেরা বাজারে এনেছে জাপানের ক্যামেরা-নির্মাতা প্রতিষ্ঠান নাইকন।নাইকনের এই ডিএসএলআর ক্যামেরাটির মডেল ‘ডি ৩২০০’, এটি ‘ডি ৩১০০’ এর পরবর্তী সংস্করণ। এক খবরে প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট পিসি ওয়ার্ল্ড জানিয়েছে, ২৪.২ মেগাপিক্সেলের এই ক্যামেরাটি কম আলোয় দ্রুতগতিতে ছবি তুলতে ও হাই-ডেফিনেশন (এইচডি) ভিডিও করতে পারে।নাইকন ডি ৩২০০ ক্যামেরায় রয়েছে ডিএক্স ফরম্যাটের সিএমওএস সেন্সর ও এক্সপিড ৩ ইমেজ প্রসেসর। নতুন এই ক্যামেরায় স্মার্টফোন বা ট্যাবলেটকে রিমোট কন্ট্রোলার হিসেবে ব্যবহার করার সুবিধা যুক্ত করেছে নাইকন। ক্যামেরার সঙ্গে ডাব্লিউইউ-লা ওয়্যারলেস মোবাইল অ্যাডাপটার নামে নতুন একটি অ্যাডাপটার তৈরি করেছে প্রতিষ্ঠানটি। এই অ্যাডাপটার যোগ করা হলে মোবাইল ফোন বা ট্যাবলেট ব্যবহার করে ইমেজ প্রিভিউ বা ছবি তোলা যাবে।এ প্রসঙ্গে নাইকন জানিয়েছে, ডি ৩২০০ মডেলের ক্যামেরার আইএসও রেঞ্জ ১০০ থেকে ছয় হাজার ৪০০, যা ১২ হাজার ৮০০ পর্যন্ত বাড়ানো যায়। পাশাপাশি ক্যামেরায় থাকছে গাইড মোড। নতুন আলোকচিত্রীরা এ ক্যামেরার গাইড মোডে ছবি তোলার বিভিন্ন নির্দেশনা পাবেন। ক্যামেরায় থাকছে ছয়টি সিন মোড। এগুলো হচ্ছে পোর্ট্রেট, ল্যান্ডস্কেপ, চাইল্ড, স্পোর্টস, ক্লোজ-আপ বা নাইট পোর্ট্রেট। ভিডিওর ক্ষেত্রে, ম্যানুয়াল বা অটোমেটিক এক্সপোজারে ভিডিও করা যাবে। ৩ ইঞ্চির এলসিডি ডিসপ্লের এ ক্যামেরায় ফিচার হিসেবে রয়েছে এইচডিএমআই আউটপুট, স্টেরিও মাইক্রোফোন ইনপুট।এপ্রিল মাসের শেষ নাগাদ আন্তর্জাতিক বাজারে আসবে ডি৩২০০। ১৮-৫৫ মিলিমিটার লেন্সসহ লাল এবং কালো রঙের এ দাম পড়বে ৭০০ ডলার। ওয়্যারলেস ডিভাইসটি আলাদাভাবে কিনতে হবে যার দাম পড়বে ৬০ ডলার।