নতুন ইআরপি সফটওয়্যার
র্যামকো সিস্টেমসের তৈরি এন্টারপ্রাইজ রিসোর্স প্ল্যানিং (ইআরপি) সফটওয়্যার বাংলাদেশে বাজারজাত করবে কম্পিউটার সোর্স লিমিটেড। গত বৃহস্পতিবার রাজধানীতে আয়োজিত এক অনুষ্ঠানে এ ঘোষণা দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ইন্দো-বাংলা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মাতলুব আহমেদ বলেন, বাংলাদেশে তথ্যপ্রযুক্তি খাতে যথেষ্ট সম্ভাবনা রয়েছে। এখনই সময় সামনে এগিয়ে যাওয়ার এবং দেশের মেধাবী তরুণদের কাজে লাগিয়ে তথ্যপ্রযুক্তি খাতে বড় কিছু করা। অনুষ্ঠানে র্যামকো সফটওয়্যার সম্পর্কে ভিডিওচিত্রের মাধ্যমে নানা দিক তুলে ধরেন র্যামকো সিস্টেমসের হেড অব বিজনেস ডেভেলপমেন্ট রাজা শেখর। তিনি বলেন, ‘গ্রাহকদের চাহিদা অনুযায়ী নানা ধরনের সুবিধা দিতে পারবে র্যামকো। তবে আমরা মূলত প্রযুক্তি আর প্রশিক্ষণটাই দেব, বাকিটা করবে স্থানীয় প্রযুক্তি-মেধাবীরা। তিনি জানান, র্যামকো অফার্স অ্যান এন্টারপ্রাইজ সুইট (আরইএস) নামের এ গুচ্ছ সফটওয়্যারের নানা ধরনের সুবিধা পাওয়া যাবে। এ ছাড়া র্যামকোর সঙ্গে পণ্য সহযোগী আইবিএমের নানা বিষয় তুলে ধরেন আইবিএমের ব্যবসায় ব্যবস্থাপক মো. হাসেম। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কম্পিউটার সোর্স লিমিটেডের পরিচালক এস এম মহিবুল হাসান, র্যামকোর প্যাট্রিক কে, বালাজি আর, র্যামকোর পণ্য ব্যবস্থাপক খন্দকার ওয়াসিম রেজাসহ অনেকে। উল্লেখ্য, ১৯৯৯ সালে প্রতিষ্ঠিত এ সফটওয়্যার প্রতিষ্ঠানটির মূল অফিস ভারতের চেন্নাইতে। ভারত ছাড়াও যুক্তরাষ্ট্র, ইউরোপসহ বিভিন্ন অঞ্চলে এর শাখা অফিস রয়েছে। —নুরুন্নবী চৌধুরী