নতুন উইন্ডোজ ফোন আনছে এলজি

দীর্ঘদিন পর আবার উইন্ডোজ প্ল্যাটফর্মে ফিরছে এলজি। উইন্ডোজ ফোন অপারেটিং সিস্টেমে ‘ইউনি৮’ নামে একটি স্মার্টফোন বাজারে আনতে পারে প্রতিষ্ঠানটি।
টুইটারে মোবাইল ফোন সংক্রান্ত তথ্য ফাঁসের জনপ্রিয় অ্যাকাউন্ট ইভলিকস থেকে সম্প্রতি এলজির নতুন স্মার্টফোনের তথ্য ফাঁস হয়েছে।
উইন্ডোজ ফোন ৮.১ নির্ভর হালকা-পাতলা স্মার্টফোনটিতে অনস্ত্রিন নেভিগেশন কী থাকবে। এই ফোনটির সঙ্গে নকিয়ার লুমিয়া ৬৩০ মডেলটির সাদৃশ্য থাকতে পারে।
চলতি বছরের ফেব্রুয়ারি মাসে বার্সেলোনায় অনুষ্ঠিত মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে উইন্ডোজ ফোন প্ল্যাটফর্মে নতুন ফোন নির্মাতাদের নাম ঘোষণা করেছিল মাইক্রোসফট। মাইক্রোসফট ঘোষণা দিয়েছিল এলজি, হুয়াউয়ে, লেনোভো ও জেডটিই তাদের ফোন তৈরি করবে। এর মধ্যে উইন্ডোজ ফোন ৭ অপারেটিং সিস্টেমে মোবাইল তৈরির অভিজ্ঞতা রয়েছে এলজি ও জেডটিইর।
অবশ্য এলজি কর্তৃপক্ষ নতুন উইন্ডোজ ফোন বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য প্রকাশ করেনি।