নতুন উইন্ডোজে যোগ হলো স্টার্ট মেনু
মাইক্রোসফট করপোরেশন এবার নিজেদের সর্বশেষ অপারেটিং সিস্টেম (ওএস) উইন্ডোজ ৮.১ সংস্করণে যুক্ত করল স্টার্ট মেনু। উইন্ডোজ ৮ ব্যবহারকারীরা পরবর্তী সংস্করণ এখন হালনাগাদ করে নিতে পারবেন।
মাইক্রোসফটের উইন্ডোজ ৯৫ থেকে উইন্ডোজ ৭ সংস্করণ পর্যন্ত প্রতিটি সংস্করণেই স্টার্ট মেনু ছিল। তবে হঠাৎ করে উইন্ডোজ ৮-এ স্টার্ট মেনু না থাকায় বিতর্ক শুরু হয়। অনেকেই মনে করছেন, এ কারণে জনপ্রিয়তা পায়নি উইন্ডোজ ৮ ওএস।
সম্প্রতি যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিসকোতে হয়ে যাওয়া মাইক্রোসফটের বার্ষিক ডেভেলপার সম্মেলনে উইন্ডোজ ৮.১ ছবি দেখানো হয়। এতে দেখা গেছে, উইন্ডোজ ৮.১ সংস্করণে আগের সংস্করণগুলোর মতো যুক্ত হয়েছে স্টার্ট বাটন। এ ছাড়া যুক্ত হয়েছে বেশ কিছু নতুন বৈশিষ্ট্য। অ্যাপ্লিকেশনকে বড় আকারে দেখার সুবিধার পাশাপাশি থাকছে টাচস্ক্রিন ব্যবহারের সুবিধা।
পুরোনো স্টার্ট মেনু যুক্ত হওয়ায় ডেস্কটপ কম্পিউটার
ব্যবহারকারীরা আগের মতোই উইন্ডোজ ব্যবহারে স্বাচ্ছন্দ্যবোধ করবেন বলে মনে করছে মাইক্রোসফট।
এ ছাড়া স্টার্ট মেনু যুক্ত হওয়ায় উইন্ডোজ ৮.১ সংস্করণের জনপ্রিয়তা বাড়বে বলেও মনে করছেন তাঁরা। বিস্তারিত: http://bit.ly/1jqq9S2।
—টেকক্রাঞ্চ ও পিসি ওয়ার্ল্ড অবলম্বনে কাজী আলম