সম্ভাবনাময় নতুন ব্যবসায় উদ্যোগগুলোকে (স্টার্টআপ) চিহ্নিত করে সেগুলোকে নানাভাবে সহায়তার মাধ্যমে সফল ব্যবসায়ে পরিণত করার উদ্দেশ্য নিয়ে ‘স্টার্টআপ বাংলাদেশ’ প্রতিযোগিতার যাত্রা শুরু হলো। এ লক্ষ্যে গতকাল সোমবার প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয় রাজধানীর আমেরিকান সেন্টারে।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন যুক্তরাষ্ট্রের ফরেন সার্ভিস অফিসার জর্জ মেন্থস। এ সময় তিনি বলেন, ‘উদ্যোক্তারা হলেন বাংলাদেশে সমৃদ্ধির জন্য একটি ইঞ্জিনের মতো এবং তাঁরা সুষ্ঠু ব্যবস্থাপনার চাবিকাঠি।’ মার্কিন যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট ও বেটার স্টোরিজ লিমিটেড যৌথভাবে এই প্রতিযোগিতার আয়োজন করছে।
নিম্ন মধ্যম আয়ের দেশ হিসেবে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে কর্মসংস্থান সৃষ্টি বড় ভূমিকা রেখেছে। নতুন নতুন ব্যবসায় উদ্যোগ প্রতিষ্ঠার মাধ্যমে একদিকে যেমন নিজেদের কর্মসংস্থান নিশ্চিত হচ্ছে, অপরদিকে সৃষ্টি হচ্ছে হাজারো মানুষের কাজের সুযোগ। এ কথাই বললেন অনুষ্ঠানে বিশেষ অতিথি যুক্তরাষ্ট্রের উদ্যোক্তা ক্যাটালিস্ট রিজনাল পলিসি অফিসার গ্যারি হোয়াইটহিল। প্রথম আলোকে তিনি বলেন, ‘আমরাই একমাত্র প্রজন্ম যারা স্টার্টআপ কমিউনিটির মাধ্যমে অন্যদের কাজের সুযোগ তৈরি করছি। সরকারি-বেসরকারি সংস্থাগুলোর মধ্যে সমন্বয়ের মাধ্যমে সকল পক্ষকে এক ছাতার নিচে নিয়ে আসাই স্টার্টআপ বাংলাদেশের লক্ষ্য।’
উদ্বোধনী অনুষ্ঠানের শেষ পর্যায়ে উপস্থিত দর্শকশ্রোতাদের প্রশ্নের উত্তর দেন বেটার স্টোরিজ লিমিটেডের চিফ স্টোরি টেলার মিনহাজ আনোয়ার। এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘প্রতিবছর প্রায় ২৭ লাখ মানুষ কর্মক্ষেত্রে প্রবেশ করছে। সে তুলনায় কর্মসংস্থান সৃষ্টির হার খুবই কম। দেশে নতুন কর্মক্ষেত্র তৈরিতে উদ্যোক্তারা বড় ভূমিকা রাখবে।’
এই প্রতিযোগিতার অংশীদার হিসেবে রয়েছে ইএমকে সেন্টার, ফিউচার স্টার্টআপ, ফাউন্ডার বাংলাদেশ ও সেভেন সেইজেস। অনুষ্ঠানে মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম হাইফাই পাবলিক।