নতুন উদ্যোগের আন্তর্জাতিক প্রতিযোগিতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রাথমিক পর্যায়ে আছে এমন উদ্যোগের (স্টার্টআপ) আন্তর্জাতিক প্রতিযোগিতায় এবার যুক্ত হচ্ছে বাংলাদেশও। ‘সিডস্টারস ওয়ার্ল্ড’ নামের এ প্রতিযোগিতায় লেনদেন, ভ্রমণ এবং প্রযুক্তি—এই তিন বিভাগে উদ্যোগগুলো অংশ নিতে পারবে। গতকাল ঢাকার বেসিস মিলনায়তনে একটি সংবাদ সম্মেলনে আয়োজক বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) ও সিডস্টারস ঢাকা প্রতিযোগিতার তথ্য তুলে ধরে।

সম্মেলনে বেসিসের সভাপতি ও ফেনক্স ভেঞ্চার ক্যাপিটালের জেনারেল পার্টনার শামীম আহসান বলেন, ‘আঞ্চলিক পর্যায়ের সেরা ১২টির বেশি স্টার্টআপ ২০১৬ সালে সুইজারল্যান্ডে অনুষ্ঠেয় চূড়ান্ত প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ পাবে। মূল পর্বে বিজয়ীর জন্য থাকছে সর্বোচ্চ ৫ লাখ ডলার পুরস্কার।’
চলতি বছর এই প্রতিযোগিতার বাছাই পর্ব হবে ৫০টি দেশে। ৩ থেকে ৫ ও ১৩ নভেম্বর লেনদেন, ভ্রমণ, প্রযুক্তি এবং প্রযুক্তিতে নারী—এই চারটি বিষয়ে ঢাকায় পৃথক কর্মশালা অনুষ্ঠিত হবে। অংশগ্রহণকারীদের নিয়ে তিন দিনের বুটক্যাম্প হবে ১২ থেকে ১৪ নভেম্বর। সম্মেলনে উপস্থিত ছিলেন বিডি ভেঞ্চারের ব্যবস্থাপনা পরিচালক শওকত হোসেন, এনটিএফ-৩ বাংলাদেশ প্রকল্পের জাতীয় প্রকল্প সমন্বয়ক মো. মাহফুজুল কাদের, সিডস্টারস ঢাকার বাস্তবায়ন-প্রধান আরিফ নিজামীসহ অনেকে।
এই আয়োজনের পৃষ্ঠপোষকতা করছে জাতিসংঘের ইন্টারন্যাশনাল ট্রেড সেন্টার (আইটিসি), ফেনক্স ভেঞ্চার ক্যাপিটাল ও বিডি ভেঞ্চার লিমিটেড। সহযোগিতায় থাকছে বেটারস্টোরিজ লিমিটেড ও প্রেনিউরল্যাব। যোগাযোগ: http://bit.ly/sswdhaka এবং http://www.seedstarsworld.com/event/seedstars-dhaka-2015।