নতুন কণা ড্রপলেটন

জলের ওপর পানির ফোঁটা পড়লে যে অবস্থার সৃষ্টি হয় এক ধরনের কোয়ান্টাম কণাও ঠিক তেমন আচরণ করে। কোয়ান্টাম পদার্থবিদ্যার দুনিয়ায় এমনই এক অদ্ভুত কণার খোঁজ পেয়েছেন জার্মান ও মার্কিন গবেষকেদের একটি দল। গত বুধবার খোঁজ পাওয়া নতুন এই কোয়ান্টাম কণাকে কোয়ান্টাম ড্রপলেট বা ড্রপলেটন নাম দিয়েছেন তাঁরা। বার্তা সংস্থা রয়টার্সের এক খবরে এ তথ্য জানানো হয়েছে।
‘নেচার’ সাময়িকীতে প্রকাশিত হয়েছে গবেষণা সংক্রান্ত নিবন্ধ। গবেষকেরা বলছেন, ড্রপলেটন কণাটির আচরণ অনেকই পানির ফোঁটার মতো। এটি মূলত কোয়াসিপার্টিকল যা ক্ষুদ্র ক্ষুদ্র কণার সংমিশ্রণে তৈরি।
গবেষকেরা দাবি করেছেন, ড্রপলেটন কণা মূলত ন্যানো-প্রযুক্তির উন্নয়নে ভূমিকা রাখতে পারে। অপটোইলেকট্রনিক প্রযুক্তির পণ্য তৈরিতে এই কণা কাজে লাগানো সম্ভব। অপটোইলেকট্রিক মূলত এলইডি বাতি, টেলিকমিউনিকেশনে ব্যবহারযোগ্য সেমিকন্ডাক্টার লেজার ও ব্লুর প্লেয়ার প্রভৃতি তৈরিতে কাজে লাগে।
প্রসঙ্গত, কোয়ান্টাম বলবিজ্ঞান বা কোয়ান্টাম পদার্থবিজ্ঞান আধুনিক পদার্থবিজ্ঞানের একটি শাখা যা পরমাণু এবং অতি-পারমাণবিক কণার বা তরঙ্গের স্কেলে পদার্থের আচরণ বর্ণনা করে। কোয়ান্টাম বলবিজ্ঞানকে ব্যবহার করে বিশাল কোন বস্তু যেমন নক্ষত্র ও ছায়াপথ, মহা বিস্ফোরণ বিশ্লেষণ ও ব্যাখ্যা করা যায়। পদার্থবিজ্ঞানের যেসব ক্ষেত্রে চিরায়ত নিউটনীয় বলবিজ্ঞান দিয়ে ব্যাখ্যা করা যায় না, সেসব ক্ষেত্রে পদার্থগুলির ভৌত আচরণ সম্পর্কে ধারণা পাবার জন্য জন্য পদার্থবিজ্ঞানীরা কোয়ান্টাম বলবিজ্ঞান ব্যবহার করে থাকেন।
কোয়ান্টাম বিদ্যার তত্ত্ব অনুসারে, একটি ইলেকট্রন এবং একটি হোলের মাঝে যে শূন্যস্থান থাকে, সেখানে মূলত শক্তি বিদ্যমান। এখানে একটি ইলেকট্রন থাকার কথা থাকলেও তা পাওয়া যায় না। কোয়ান্টাম ড্রপলেট মূলত পাঁচটি ইলেকট্রন এবং পাঁচটি হোল-এর সমন্বয়ে গঠিত। এই কণার মাঝে খানিকটা তরল পদার্থের বৈশিষ্ট্য বিদ্যমান বলেই বিজ্ঞানীরা দাবি করেছেন।