নতুন করে অপরচুনিটিও পাঠাচ্ছে মঙ্গলের ছবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মঙ্গলের মাটিতে আট বছর পার করার পর কিউরিওসিটির পাশাপাশি সম্প্রতি আবারও নতুন উদ্যমে কাজ শুরু করেছে মঙ্গল-যান অপরচুনিটি।৭ জুলাই ২০০৩ সালে পৃথিবী থেকে যাত্রা শুরু করে ২৫ জানুয়ারি ২০০৪ মঙ্গল গ্রহে অবতরণ করেছিল অপরচুনিটি। ১৮৫ কেজি ওজনের এ যানটির অবতরণ স্থলটির নাম মেরিডিয়ানি প্ল্যানাম। সৌরকোষনির্ভর এ যানটি মাত্র ৯০ দিনের জন্য কাজ করবে এমন পরিকল্পনা করেছিলেন গবেষকেরা। কিন্তু ৩ হাজার ১০০ দিন পার করেও সক্রিয় রয়েছে এ রোবট যানটি। অপরচুনিটির প্রায় সঙ্গে সঙ্গে ৪ জানুয়ারি ২০০৪ সালে মঙ্গলে অবতরণ করেছিল স্পিরিট। ২০১০ সালের মার্চ মাসের পর স্পিরিটের সঙ্গে যোগাযোগ বিছিন্ন হয়ে গেছে।মঙ্গল গ্রহের নতুন আর চমত্কার সব ছবি তুলছে অপরচুনিটি। সম্প্রতি মঙ্গল-যানটি তার বর্তমান অবস্থানস্থলের চারপাশের অসাধারণ কিছু ছবি পাঠিয়েছে। এক খবরে এ তথ্য জানিয়েছে ডেইলি মেইল।অপরচুনিটির তোলা ছবিতে দেখা গেছে, মঙ্গলের ভূপৃষ্ঠে পড়ে থাকা ছোট নুড়িপাথরের টুকরো, যা অনেকটাই পৃথিবীর পাথরের মতো। আরেকটি ছবিতে চারপাশের নৈসর্গিক দৃশ্য ধারণ করেছে অপরচুনিটি। এ ছাড়া মঙ্গলের মাটিতে নিজের ছায়ার ছবিও তুলে পৃথিবীতে পাঠিয়েছে এ রোবট যানটি।কিউরিওসিটি মঙ্গল গ্রহে অবতরণের পর সবার মনোযোগ কেড়ে নিয়েছিল। তবে কিউরিওসিটির পাশাপাশি অপরচুনিটি এখনো সচল থাকায় গবেষকেরা মঙ্গল গ্রহের পর্যাপ্ত তথ্য সংগ্রহের বিষয়ে আশাবাদী হয়ে উঠেছেন। প্রসঙ্গত, মঙ্গলের মাটিতে খনিজ পদার্থের অনুসন্ধান করছে অপরচুনিটি।