নতুন করে সাজবে ফেসবুক?

যাঁরা ডিজিটাল ডিজাইন জগতের খোঁজখবর কম রাখেন, তাঁদের টিহানপ্লাসল্যাক্স নামটি না শোনারই কথা। কানাডার টরন্টোর সফল একটি ডিজিটাল ডিজাইন সংস্থা এটি। কিন্তু এ নামটির অস্তিত্ব হয়তো আর বেশিদিন থাকবে না। কারণ এর তিনজন উদ্যোক্তা শিগগিরই যুক্ত হচ্ছেন সামাজিক যোগাযোগের ওয়েবসাইট ফেসবুকের সঙ্গে। প্রতিষ্ঠানটিকে সরাসরি অধিগ্রহণ করার পরিবর্তে ফেসবুক কর্তৃপক্ষ প্রতিষ্ঠানটির নকশাবিদদের নিয়োগ দিচ্ছে। ফেসবুকে তাঁদের কী কাজ হবে? প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট হটহার্ডওয়্যার লিখেছে, ফেসবুকের চেহারা বদলে দেওয়ার জন্যই তাঁদের নিয়োগ দিয়েছেন মার্ক জাকারবার্গ।
টিহানপ্লাসল্যাক্সের উদ্যোক্তা জন ল্যাক্স, জিওফ টিহান ও ডেভিড গিলিসের পাশাপাশি জ্যেষ্ঠ কয়েকজন নকশাবিদকেও নিয়োগ দিচ্ছে ফেসবুক। তাঁরা চলে গেলে পুরোপুরি বন্ধ হয়ে যাবে টিহানপ্লাসল্যাক্স। ২০০২ সালে প্রতিষ্ঠার পর থেকে শত শত গ্রাহককে সেবা দিয়েছে প্রতিষ্ঠানটি। মিডিয়াম, ফ্লিপবোর্ড, ফেসবুকের অ্যাটলাস বিজ্ঞাপন প্রযুক্তি নিয়েও কাজ করার অভিজ্ঞতা রয়েছে প্রতিষ্ঠানটির।
টিহানপ্লাসল্যাক্সের সাইটে বিদায়ী এক বার্তায় বলা হয়েছে, ‘ভবিষ্যৎ নিয়ে আমরা রোমাঞ্চিত। ফেসবুকে আমরা নতুন চ্যালেঞ্জ নিয়ে যাচ্ছি। তাঁরা যে মাত্রায় কাজ করে তা আমাদের জন্য সত্যিই রোমাঞ্চকর। কোটি কোটি মানুষের ওপর প্রভাব ফেলবে যে বিষয়টি, তা নিয়ে কাজ করার সুযোগ নিঃসন্দেহে অসাধারণ।’
ফেসবুকের নকশা বদল কিংবা নতুন কোনো সেবার নকশা তৈরির জন্য অভিজ্ঞ ও দক্ষ মেধাবীদের নিয়োগ দেওয়াটাও জাকারবার্গের জন্য বড় সুযোগ।