নতুন করে সাজল ফ্লিকার
অনলাইন সেবাদাতা প্রতিষ্ঠান ইয়াহু তাদের ফটো শেয়ার করার সেবা ‘ফ্লিকার’কে নতুন করে সাজিয়েছে। ফ্লিকার ব্যবহারকারী এখন ছবি রাখার জন্য এক টেরাবাইট পর্যন্ত জায়গা পাবেন। ফ্লিকারের জন্য অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশনও উন্মুক্ত করেছে ইয়াহু। এক খবরে এ তথ্য জানিয়েছে অল থিংস ডিজিটাল।ইয়াহুর প্রধান নির্বাহী মারিসা মেয়ার এ প্রসঙ্গে জানিয়েছেন, ‘ফ্লিকার সেবাটিকে আমরা নতুন নকশায় সাজিয়েছি। ফ্লিকারে পরিবর্তন আনার ক্ষেত্রে তিনটি ধারণা কাজ করেছে। এগুলো হচ্ছে—পূর্ণ রেজুলেশনের ছবি সমর্থন, সব ধরনের ডিভাইসে ফ্লিকার ব্যবহারের সুযোগ এবং ব্যবহারকারীকে অনেক বেশি জায়গা দেওয়া।’এদিকে যুক্তরাষ্ট্রের প্রযুক্তি বিশ্লেষকেরা জানিয়েছেন, ফেসবুক ও গুগলের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় পিছিয়ে পড়ছিল ইয়াহু। প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী মারিসা মেয়ার ইয়াহুকে ঢেলে সাজাতে নানা পদক্ষেপ নিয়েছেন। এরই ধারাবাহিকতায় ফ্লিকারে পরিবর্তন আনলেন তিনি। পাশাপাশি অনলাইন সেবাদাতা হিসেবে ইয়াহুতে সামাজিক যোগাযোগের ওয়েবসাইট যুক্ত করতে নিউইয়র্কভিত্তিক ব্লগিং প্ল্যাটফর্ম টাম্বলার ১১০ কোটি মার্কিন ডলারে কিনছেন তিনি। গুগল থেকে ইয়াহুতে প্রধান নির্বাহী হিসেবে যোগ দেওয়ার পর মারিসা মেয়ারের সবচেয়ে বড় চুক্তি টাম্বলারকে কিনে নেওয়া। ইয়াহুর ঘনিষ্ঠ সূত্রের বরাতে প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট অল থিংস ডিজিটাল জানিয়েছে, ইয়াহুর পরিচালনা পর্ষদ টাম্বলার কেনার জন্য মারিসা মেয়ারকে সম্মতি দিয়েছে। টাম্বলারের মতো একটি সামাজিক যোগাযোগের সাইট কিনে নেওয়ার ফলে তরুণদের আগ্রহ ধরে রাখতে পারবে ইয়াহু কর্তৃপক্ষ। পরিবর্তনের অংশ হিসেবে ইয়াহুর নতুন একটি অফিস নেওয়ার কথাও ভাবছেন তিনি।