নতুন কর্মসংস্থানের নজির টাটা

তথ্য-প্রযুক্তি খাতে নতুন চাকরি সৃষ্টিতে লাগাতার সাফল্যে এগিয়ে যাচ্ছে ভারতের অন্যতম বড় শিল্প সংস্থা টাটা গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান টাটা কনসালটেন্সি সার্ভিসেস (টিসিএস)। তিন লাখেরও বেশি কর্মীসংখ্যা নিয়ে টিসিএস এ খাতে বিশ্বের তৃতীয় বৃহত্তম প্রতিষ্ঠান এবং এ বছরই দ্বিতীয় অবস্থানে চলে আসতে পারে তারা। আর শুধু তথ্য-প্রযুক্তিই নয়, কর্মসংস্থানের সার্বিক হিসাবেও ভারতের সবচেয়ে বড় প্রতিষ্ঠানগুলোর একটি টিসিএস। বিশ্লেষকেরা বলছেন, নতুন খাতের উন্মোচন এবং বিপুল সংখ্যায় তরুণদের নিয়োগ ও প্রশিক্ষণ এ সাফল্যের অন্যতম চাবিকাঠি।
টাইমস অব ইন্ডিয়ার মঙ্গলবারের এক প্রতিবেদনে বলা হয়েছে, টাটা কনসালটেন্সি সার্ভিসেস সম্প্রতি জানিয়েছে, এ বছর আরও ৫৫ হাজার নতুন কর্মী নিয়োগ করতে যাচ্ছে তারা। বর্তমান তিন লাখ ৪৬৪ জন কর্মীর সঙ্গে এই সংখ্যার অর্ধেক যোগ হলেও এই অর্থবছরেই হিউলেট-প্যাকার্ডকে (এইচপি) ছাড়িয়ে বিশ্ববাজারে তথ্যপ্রযুক্তি খাতের দ্বিতীয় বৃহত্তম কোম্পানিতে পরিণত হবে টিসিএস। তিন লাখ ১৭ হাজার ৫০০ কর্মী নিয়ে এইচপি এখন দ্বিতীয় এবং চার লাখ ৩১ হাজার ২১২ জন কর্মী নিয়ে প্রথম অবস্থানে রয়েছে আইবিএম।
এ তো গেল তথ্যপ্রযুক্তি খাতে বিশ্ব পরিসরের হিসেবে টাটা কনসালটেন্সি সার্ভিসেসের অবস্থান। দেশের অভ্যন্তরে কোম্পানিটির অবস্থানও বিস্ময়কর। শুধু তথ্যপ্রযুক্তি নয়, প্রতিবছর গড়ে ২৫ হাজার থেকে ৩৫ হাজার নতুন কর্মী যোগ করে টিসিএস ইতোমধ্যেই কর্মী সংখ্যার বিচারে ভারতের সবচেয়ে বড় প্রতিষ্ঠানগুলোর একটিতে পরিণত হয়েছে। ভারতের সেনাবাহিনী, রেলওয়ে ও ডাক বিভাগের মতো সরকারি প্রতিষ্ঠান এবং কোল ইন্ডিয়ার মতো পাবলিক সেক্টর কোম্পানি ছাড়া আর কোনো কোম্পানিরই এত বিপুল কর্মী বাহিনী নেই।
এখানে লক্ষণীয় যে, কয়েক বছর ধরে বিশ্ববাজারে তথ্যপ্রযুক্তি খাতের অনেক শীর্ষ কোম্পানিই কর্মীর সংখ্যা কমিয়েছে। ভারতের সরকারি বিভাগ এবং অন্যান্য খাতের অনেক কোম্পানিও কর্মী কমিয়েছে। কিন্তু একই সময়ে টিসিএস লাগাতার নতুন নতুন খাতে কর্মসংস্থান করেছে। গত অর্থবছরে এক হাজার ৩৪০ কোটি ডলারের টাটা গ্রুপের এ কোম্পানিটি ৬১ হাজার ২০০ কর্মী নিয়োগ দেয়। কোম্পানি ছেড়ে যাওয়াদের হিসাব থেকে বাদ দিলে এই নিয়োগের ফলে নতুন সংযুক্তি বা কর্মীসংখ্যার নিট বৃদ্ধি ২৪ হাজার ২৬৮ জন। কয়েক বছর ধরেই টিসিএসে কর্মীদের নতুন সংযুক্তির হার এমন বা এর চেয়েও বেশি।
গ্রেহাউন্ড রিসার্চের প্রধান বিশ্লেষক সাঞ্চিত ভির গোগিয়া মনে করেন, টিসিএসের এমন সাফল্যের নেপথ্যে রয়েছে প্রবৃদ্ধির নতুন নতুন ক্ষেত্র খুঁজে বের করতে পারা এবং ক্ষেত্রগুলোতে সঠিকভাবে প্রয়োজনীয় বিনিয়োগ করতে পারা। গোগিয়া বলেন, ‘তারা ডিজিটাল জগতের পাঁচটি প্রধান খাত—মোবিলিটি, বিগ ডাটা, ক্লাউড, সোশ্যাল মিডিয়া এবং রোবোটিকস নিয়ে বাজি লড়ে গেছে।’
বিশ্লেষকেরা দেখিয়েছেন, নতুন ক্ষেত্র চিহ্নিত করার মতোই বিপুলসংখ্যায় তরুণ কর্মীদের নিয়োগ দেওয়া টিসিএসের সাফল্যের নেপথ্যে একটা বড় শক্তি হিসেবে কাজ করেছে। ২০০৭ সালে কোম্পানিটির তরুণ কর্মীর সংখ্যা মোট কর্মী সংখ্যার ৫১ ভাগ থাকলেও ২০১৩ সালে তরুণ কর্মীর সংখ্যা মোট কর্মীর ৮১ ভাগে পৌঁছে গেছে।
এইচএফএসের বিশ্লেষক পারেখ জেইন মনে করেন, বিপুলসংখ্যক তরুণ বা প্রবেশক পর্যায়ের কর্মী নিয়োগের মধ্য দিয়ে কোম্পানিটি একদিকে যেমন খরচ কমাতে পেরেছে, অন্যদিকে অভিজ্ঞতাসম্পন্ন কর্মীদের উচ্চমানের কাজের জন্য অনেকটাই মুক্ত করতে পেরেছে। জেইন বলেন, ‘প্রবেশক পর্যায়ে তরুণ কর্মীদের নতুন দক্ষতার জন্য প্রশিক্ষণ দেওয়া পুরোনো কর্মীদের নতুন দক্ষতা বাড়ানোর জন্য প্রশিক্ষণ দেওয়ার চেয়ে সহজ এবং লাভজনক।’