নতুন চাকরিবিষয়ক ওয়েবসাইট
আনুষ্ঠানিকভাবে বাংলাদেশে শুরু হয়েছে চাকরিবিষয়ক ওয়েবসাইট লুজমাংকিজ ডট কমের (www.loosemonkies.com) যাত্রা। এ উপলক্ষে গতকাল বুধবার ঢাকায় সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে বক্তব্য দেন সাইটটির প্রধান নির্বাহী নাদিমুর রহমান, এশিয়াটিক থ্রিসিক্সটির চেয়ারম্যান আলী যাকের, বাংলাদেশ সোসাইটি ফর হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টের ভাইস প্রেসিডেন্ট সায়েদা ইয়াসমিন, পরিচালক জামাল শাহ, ইন্তেজার আহমেদ এবং প্রধান বিপণন কর্মকর্তা অমর মগন। নাদিমুর রহমান বলেন, ‘এ দেশের মানবসম্পদ খাতে পরিবর্তনের উদ্দেশ্যে লুজমাংকিজ ডট কমের জন্য আমরা সর্বপ্রথম বাংলাদেশকেই বেছে নিয়েছি।’ খুব দ্রুত উত্তর আমেরিকার দেশগুলোতে এই সেবা চালু করা হবে বলেও জানান তিনি। ওয়েবসাইটটি বিশেষ পদ্ধতির মাধ্যমে চাকরি সন্ধানকারীদের দক্ষতা ও যোগ্যতা নিরূপণ করে উপযুক্ত চাকরির সন্ধান দেবে। এতে যুক্ত করা হয়েছে সরাসরি চ্যাট সুবিধা। চাকরিদাতা কোনো প্রোফাইল ‘ফেভারিট’ তালিকায় রাখলে আবেদনকারী তাৎক্ষণিক সে সম্পর্কে জানতে পারবেন। চাকরিদাতাদের জন্যও রয়েছে বিভিন্ন সুবিধা। —মো. রাফাত জামিল