নতুন চিপসেট আনল হুয়াওয়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
Kirin
Kirin

মাঝারি সারির স্মার্টফোনের জন্য নতুন চিপসেট আনল চীনা প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান হুয়াওয়ে। হুয়াওয়ে তাদের ফ্ল্যাগশিপ চিপসেট কিরিন ৯৮০–এর আদলে ৭ ন্যানোমিটার প্রযুক্তিতে কিরিন ৮১০ তৈরি করেছে। তাদের দাবি, কিরিন ৮১০ মডেলের চিপসেট মধ্যম বাজেটের হ্যান্ডসেটের জন্য সেরা চিপসেট। এ চিপসেটের বাজারে এলে কোয়ালকম ও স্ন্যাপড্রাগন ৬ এক্সএক্সের রাজত্ব শেষ হবে।

হুয়াওয়ে এক বিবৃতিতে জানায়, কিরিন ৭১০ এবং কোয়ালকম¯স্ন্যাপড্রাগন ৭৩০ চিপকে হটিয়ে আনটুটু বেঞ্চমার্কের তালিকায় ওপরে উঠে এসেছে কিরিন ৮১০।

গত শুক্রবার হুয়াওয়ে চীনের উহানে এক অনুষ্ঠানে নতুন এ চিপসেট উন্মোচন করে। একই অনুষ্ঠানে নতুন তিন স্মার্টফোন নোভা ৫, নোভা ৫ প্রো এবং নোভা ৫আই উন্মুক্ত করা হয়।

অনুষ্ঠানে হুয়াওয়ের পক্ষ থেকে বলা হয়, চলতি বছরের মে মাস পর্যন্ত ১০ কোটি স্মার্টফোন বাজারে এনেছে তারা। এ ছাড়া এই সময় পর্যন্ত ২০ লাখের বেশি জিটি স্মার্টওয়াচ বিক্রি করেছে।

আনটুটু বেঞ্চমার্ক পরীক্ষায় ২,৩৭,০০০ পয়েন্ট পেয়েছে নতুন এই চিপসেট, যা কিরিন ৭১০ প্রসেসরের চেয়ে ১৬২ শতাংশ ভালো পারফরমেন্স দেবে। এ ছাড়া এটি কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৭৩০ প্রসেসরের চেয়ে ১২ শতাংশ এবং গ্রাফিকস প্রসেসিংয়ে অ্যাড্রিনো ৬১৮ অপেক্ষা ৪৪ শতাংশ ভালো পারফরমেন্স দেবে।

নোভা ৫ ডিভাইসটিতে ব্যবহার করা হয়েছে নতুন কিরিন ৮১০ প্রসেসর। নোভা ৫ প্রোতে ব্যবহার করা হয়েছে কিরিন ৯৮০ প্রসেসর, যা এর আগে হুয়াওয়ের পি৩০ প্রো এবং মেট ২০ ডিভাইসে দেখা গেছে।