নতুন ছয়টি দেশি অ্যান্ড্রয়েড অ্যাপস

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য নতুন ছয়টি দেশি অ্যান্ড্রয়েড অ্যাপস উন্মুক্ত করেছে বাংলাদেশের মোবাইল অ্যাপস নির্মাতা প্রতিষ্ঠান এমসিসি। এসব অ্যাপ্লিকেশনের মধ্যে রয়েছে একাত্তর, হাসপাতাল, কারেন্সি কনভার্টার, এম-টয়, লেমন ২৪ ও অ্যারাবিক টিউটর।
এমসিসি লি. কর্তৃপক্ষের দাবি, বর্তমানে বিশ্বের বিভিন্ন দেশের প্রায় ৪০ লাখ মানুষ এমসিসির তৈরি অ্যাপ্লিকেশন ব্যবহার করছে। ব্যবহারবান্ধব ও প্রয়োজনীয় এসব অ্যাপ্লিকেশন সহজেই অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের মন কাড়তে পারে।
একাত্তর
আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাস ও দুর্লভ ছবি নিয়ে তৈরি অ্যাপ্লিকেশন ‘একাত্তর’। স্বাধীনতা সংগ্রামের খুঁটিনাটি অনেক বিষয় স্থান পেয়েছে একাত্তর অ্যাপ্লিকেশনটিতে। এমসিসি কর্তৃপক্ষ জানিয়েছে, একাত্তর অ্যাপসটিতে নতুন আপডেটের মাধ্যমে এটি সমৃদ্ধ করা হবে। নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের চেতনাকে পৌঁছে দিতে ‘একাত্তর’ খুবই প্রয়োজনীয় একটি অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন।
হাসপাতাল
চিকিত্সাক্ষেত্রের প্রয়োজনীয় একটি অ্যাপ্লিকেশন ‘হাসপাতাল’। এ অ্যাপসটিতে দেশের সরকারি-বেসরকারি সব হাসপাতালের বিভিন্ন তথ্য পাওয়া যাবে। হাসপাতালের ঠিকানা, ফোন নম্বর এবং অন্যান্য দরকারি তথ্যের পাশাপাশি জানা যাবে জিপিএস লোকেশন। এর ফলে একজন ব্যবহারকারী খুব সহজেই ম্যাপ ব্যবহার করে খুঁজে নিতে পারেন প্রয়োজনীয় হাসপাতাল।
কারেন্সি কনভার্টার
‘কারেন্সি কনভার্টার’ অ্যাপ্লিকেশনটির মাধ্যমে একজন ব্যবহারকারী অন্যান্য দেশের মুদ্রার সঙ্গে টাকার তুলনা করতে পারবেন। ব্যবসা ও হিসাব রাখার জন্য এই কারেন্সি কনর্ভাটার অ্যাপ্লিকেশনটি কাজে লাগবে।
এম-টয়
শিশুদের খেলার জন্য প্রয়োজনীয় অ্যাপ হচ্ছে এম-টয়। শিশুদের মজার খেলার এ অ্যাপ্লিকেশনটি মানসিক বিকাশে সাহায্য করতে পারে।
লেমন ২৪
গান শোনার অ্যাপ্লিকেশন লেমন ২৪। চব্বিশ ঘন্টা বাংলা গান শোনার জন্য এই অ্যাপ। মোবাইল ইন্টারনেট ব্যবহার করে বিশ্বের যে কোন প্রান্ত থেকে উপভোগ করা যাবে লেমন ২৪-এর সব অনুষ্ঠান ও জনপ্রিয় বাংলা গান। সেই সঙ্গে পাঠানো যাবে মতামত এবং পছন্দের গানের অনুরোধ।
অ্যারাবিক টিউটর
আরবি ভাষা শেখার অ্যাপ্লিকেশন অ্যারাবিক টিউটর। আরবি শেখার জন্য এ অ্যাপ্লিকেশনটি কাজে লাগতে পারে।
এমসিসি জানিয়েছে, নতুন ছয়টি দেশি অ্যাপস গুগল প্লে স্টোর, অপেরা, আমাজন, সিম্ফোনি ফান স্টোরসহ যে কোন আন্তর্জাতিক অ্যান্ড্রয়েড মার্কেটপ্লেস থেকে ডাউনলোড করা যাবে। গুগল প্লে স্টোর থেকে অ্যাপ্লিকেশন ডাউনলোডের লিংক
https://play.google.com/store/apps/developer?id=MCC+LTD.