নতুন ট্যাব আনছে মাইক্রোসফট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সারফেস ট্যাব
সারফেস ট্যাব

‘সারফেস’ ব্র্যান্ডের ট্যাবলেট বাজারে আনার এক বছর পর আবারও নতুন মডেলের সারফেস ট্যাবলেটের ঘোষণা দিতে যাচ্ছে মাইক্রোসফট।
২৩ সেপ্টেম্বর সোমবার নিউইয়র্কে নতুন পণ্যের ঘোষণা দিতে পারে বিশ্বের বৃহত্তম সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠানটি। এক খবরে এ তথ্য জানিয়েছে ওয়াল স্ট্রিট জার্নাল।
বাজার বিশ্লেষকেরা বলছেন, বর্তমানে আইপ্যাড ও অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমনির্ভর ট্যাবলেটের বাজারে ভুল শুধরে আবার নতুন করে যাত্রা করতে যাচ্ছে মাইক্রোসফট।
এর আগে ওয়াল স্ট্রিট জার্নাল-এর এক খবরে জানানো হয়েছিল, সারফেস আরটি ট্যাবলেটের পরবর্তী সংস্করণ ‘সারফেস ২’ বাজারে আনবে মাইক্রোসফট। সারফেস ২ ট্যাবলেটটিতে আগের সংস্করণটির চেয়ে যত্সামান্য পরিবর্তন হতে পারে।
দুটি মডেলের ‘সারফেস ২’ ট্যাব বাজারে আনার ঘোষণা দিতে পারে মাইক্রোসফট কর্তৃপক্ষ। সারফেস ২ ট্যাবলেটের একটি মডেলে থাকবে ইনটেলের তৈরি দ্রুতগতির হ্যাসওয়েল প্রসেসর, আরেকটিতে থাকবে এনভিডিয়ার টেগরা প্রসেসর। নতুন ট্যাবলেট উইন্ডোজের সর্বশেষ সংস্করণ উইন্ডোজ ৮.১ সমর্থন করবে।

বাজারে থাকা ১০ দশমিক ৬ ইঞ্চি মাপের সারফেস আরটি ট্যাবলেটের মাপেই বাজারে আসবে ‘সারফেস ২’ ট্যাব। এর ব্যাটারির চার্জ থাকবে টানা আট ঘণ্টা। নতুন ট্যাবে ইউএসবি ৩.০, ওয়াই-ফাই ও ব্লুটুথ-সুবিধাও থাকবে।বর্তমানে সারফেস আরটি ট্যাবলেট ৩৪৯ মার্কিন ডলার দামে বিক্রি করছে মাইক্রোসফট। কি-বোর্ড কভারসহ এর দাম ৩৯৯ মার্কিন ডলার।