নতুন ডিজিটাল শিক্ষা উপকরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পড়াশোনার কাজটা আরও আনন্দদায়ক ও সহজ করতে বাজারে আসছে ‘মাই স্মার্টক্লাস’ নামের বিশেষ ইন্টার‌্যাকটিভ হোয়াইট বোর্ড। আধুনিক প্রযুক্তির বোর্ডগুলো ব্যবহারে শ্রেণীকক্ষে শিক্ষার্থীদের উপস্থিতিও বাড়বে। শিক্ষকেরা কঠিন বিষয়গুলোকে আরও সহজ করে বোঝাতে পারবেন। গতকাল মঙ্গলবার রাজধানীর বিসিএস কম্পিউটার সিটিতে ডলফিন কম্পিউটার্স লিমিটেড আয়োজিত ডিজিটাল শিখনপদ্ধতির এ বোর্ডগুলোর পরিচিতি অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডলফিন কম্পিউটার্স লিমিটেডের উপব্যবস্থাপনা পরিচালক জাফর আহমেদ পাটোয়ারী, ব্যবসা উন্নয়ন ব্যবস্থাপক মো. নূরে ইকবাল খান প্রমুখ।শিক্ষাপ্রতিষ্ঠানের পাশাপাশি বোর্ডগুলো ব্যবসাপ্রতিষ্ঠান বা অফিসেও ব্যবহার করা যাবে। আধুনিক প্রযুক্তির এ বোর্ডগুলো হোয়াইট বোর্ডের মতোই ব্যবহার করা যাবে। হাতের লেখাকে মুদ্রণ ফন্টে পরিবর্তন, সঠিক মাপমতো রেখা-ত্রিভুজ-চতুর্ভুজ আঁকা, বোর্ডের লেখায় যেকোনো রঙের ব্যবহার, শিক্ষকের দেওয়া পাঠের লেখ্য ও ভিডিও সংরক্ষণ, যেকোনো ভুল তথ্য মুছে ফেলাসহ বেশ কিছু সুবিধা পাওয়া যাবে বোর্ডগুলোতে। এখানে লেখালেখি আর পড়ালেখার কার্যক্রমের পাশাপাশি কম্পিউটারে সব ধরনের কাজ করা যাবে। অনুষ্ঠানে ডলফিন কম্পিউটার্স লিমিটেডের কারিগরি ব্যবস্থাপক রফিকুল ইসলাম বোর্ডটির ব্যবহার ও কারিগরি ধরন বিষয়টি উপস্থাপন করেন। তিনি বলেন, ‘এ বোর্ডের সাহায্যে শিক্ষার্থীদের পড়ানোর ধরন বদলে ফেলে শিক্ষার্থীদের আরও মনোযোগী করা যাবে।’ বোর্ডগুলোতে এক বছরের বিক্রয়োত্তর সেবার পাশাপাশি ব্যবহারের ধরন অনুযায়ী বিভিন্ন উপকরণ ও প্রযুক্তিগত সহায়তা দেবে প্রতিষ্ঠানটি। —জিয়াউর রহমান চৌধুরী