নতুন ডোমেইন নাম দিচ্ছে আইকান

ইন্টারনেট করপোরেশন ফর অ্যাসাইনড নেমস অ্যান্ড নাম্বারস (আইকান) দীর্ঘদিন ধরে ওয়েব ঠিকানার ডোমেইন নাম দিয়ে আসছে। এবার প্রতিষ্ঠানটি নতুন চারটি ডোমেইন নাম ঘোষণা করতে যাচ্ছে। কয়েক সপ্তাহের মধ্যে এই নাম ঘোষণা করা হতে পারে। আইকানের জেনেরিক টপ-লেভেল ডোমেইনস (জিটিএলডিএস) কর্মসূচির আওতায় এই ডোমেইন নাম দেওয়া হবে। আরবি, চীনা, রুশ ও সিরিলিক ভাষায় এই ডোমেইন লেখা হবে।
আইকান আশা করছে, তারা আরও কয়েক শ উচ্চ পর্যায়ের ডোমেইন নাম সরবরাহ করতে পারবে। এখন পর্যন্ত যেসব ডোমেইন নাম বেশি প্রচলিত, সেগুলো হচ্ছে ডট কম, ডট নেট, ডট বিজ ও ডট ওআরজি। কিন্তু আইকান সিদ্ধান্ত নেয় অন্য ধরনের ডোমেইন নাম দেওয়ার। এ জন্য প্রতিষ্ঠানটি বিভিন্ন কোম্পানির কাছ থেকে পছন্দের ডোমেইন নাম চেয়ে আবেদন জমা দেওয়ার আহ্বান জানায়। এই আহ্বানে সাড়া দিয়ে বিভিন্ন প্রতিষ্ঠান প্রায় দুই হাজার ডোমেইন নাম নিবন্ধনের জন্য আবেদন জানায়। এর মধ্যে রয়েছে ডট পর্ন, ডট নিনজা ও ডট ফেরারি। সার্চ ইঞ্জিন গুগল ১০১টি ডোমেইন নামের প্রস্তাব করেছে। এর মধ্যে রয়েছে ডট গুগল, ডট ইউটিউব, ডট বু, ডট অ্যান্ড, ডট ড্যাড, ডট নিউ ও ডট মিউজিক। ১৩টি প্রতিষ্ঠান প্রস্তাব করেছে ডট অ্যাপ নামটি। এসব আবেদন যাচাই-বাছাই করতে আইকানের বেশ কিছু সময় লাগবে।
—বিবিসি অবলম্বনে রোকেয়া রহমান