নতুন তিন ওয়ালটন স্মার্টফোন

সম্প্রতি প্রিমো জিএইচপ্লাস, ভি-১ এবং আর-৩ মডেলের তিনটি স্মার্টফোন বাজারে আনার কথা জানিয়েছে ওয়ালটন।
অ্যান্ড্রয়েডনির্ভর এই স্মার্টফোনগুলো ব্যবহার বান্ধব বলেই ওয়ালটনের দাবি। ওয়াইফাই, ওটিজি, করনিং গোরিলা গ্লাসসহ নানা ফিচার-সমৃদ্ধ স্মার্টফোনগুলো ক্রেতাদের কাছে আকর্ষণীয় হবে বলেও মনে করছে প্রতিষ্ঠানটি। ওয়ালটনের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

ওয়ালটনের তথ্য অনুযায়ী, জিএইচ প্লাস স্মার্টফোনটির দাম ১০ হাজার ৫৯০ টাকা। এর বিশেষ ফিচার হচ্ছে ফুল এইচডি ভিডিও রেকর্ডিং। স্মার্টফোনটির পেছনে রয়েছে ৫ মেগাপিক্সেল অটো ফোকাস ও সামনে দুই মেগাপিক্সেল ক্যামেরা সুবিধা। ৫ ইঞ্চি মাপের ডিসপ্লেযুক্ত স্মার্টফোনটিতে এক জিবি র্যাম, ২২০০ মিলি অ্যাম্পিয়ার লিথিয়াম ব্যাটারি, ওয়্যারলেস ডিসপ্লে শেয়ারিং। এতে পেনড্রাইভ, মাউস, কিবোর্ড ব্যবহারের সুবিধাও আছে। এটি থ্রিজি সমর্থন করে।

ওয়ালটনের ২২ হাজার ৯৯০ টাকা দামের স্মার্টফোন প্রিমো ভি-১। এই স্মার্টফোনটিকে ছবি তোলার যন্ত্র হিসেবে পরিচয় করিয়ে দিতে চায় ওয়ালটন কর্তৃপক্ষ। স্মার্টফোনটির পেছনে রয়েছে ১৩ মেগাপিক্সেল ও সামনে পাঁচ মেগাপিক্সেল ক্যামেরা সুবিধা। পাঁচ ইঞ্চি মাপের ডিসপ্লেযুক্ত কোয়াড কোর প্রসেসরের স্মার্টফোনটি ডুয়াল সিম সুবিধার।
প্রিমো আর-৩ মডেলের নতুন একটি স্মার্টফোন আনার কথা জানিয়েছে ওয়ালটন। চার দশমিক সাত ইঞ্চি মাপের ডিসপ্লেযুক্ত স্মার্টফোনটিতে থাকবে কোয়াড কোরের প্রসেসর। অ্যান্ড্রয়েডনির্ভর স্মার্টফোনটির পেছনে আট ও সামনে দুই মেগাপিক্সেলের ক্যামেরা থাকবে। হালকা-পাতলা স্মার্টফোনটিতে দীর্ঘক্ষণ চার্জ থাকবে। স্মার্টফোনটির দাম হবে ১২ হাজার ৮৯০ টাকা।