
দীর্ঘ প্রতীক্ষা শেষে অ্যাপল কম্পিউটার ইনকরপোরেটেড নতুন দুটি মডেলের আইফোন বাজারে ছাড়ার ঘোষণা দিয়েছে। মঙ্গলবার রাতে বড় আকারের ‘আইফোন ৬’ ও ‘আইফোন ৬ প্লাস’-এর ঘোষণা দেওয়া হয়। যুক্তরাষ্ট্রের কুপারটিনোতে নতুন আইফোন এবং প্রথমবারের মতো স্মার্টঘড়ি অ্যাপল ওয়াচের ঘোষণা দেন অ্যাপলের প্রধান নির্বাহী কর্মকর্তা টিম কুক। ১৯ সেপ্টেম্বর থেকে বাজারে পাওয়া যাবে নতুন আইফোন। একই সঙ্গে ঘোষণা করা হয় মোবাইল ফোনের লেনদেন সেবা ‘অ্যাপল পে’।
আগের চেয়ে বেশি রেজ্যুলেশনের পর্দাসহ ‘আইফোন ৬’-এর আকার ৪.৭ ইঞ্চি এবং ‘আইফোন ৬ প্লাস’-এর আকার ৫.৫ ইঞ্চি। দুটি মডেলেই রেটিনা এইচডি পর্দা ব্যবহার করা হয়েছে। রয়েছে ১৩৩৪ x ৭৫ পিক্সেলের পর্দা। যাতে এইচডি ভিডিও দেখা যাবে। সুরক্ষা হিসেবে রয়েছে গেরিলা গ্লাস ও স্যাফায়ার স্ক্রিন।
দ্বিতীয় প্রজন্মের ৬৪ বিট প্রসেসর যুক্ত হয়েছে আইফোনে। এতে গেম নির্মাতাদের জন্য মেটাল এপিআই উন্মুক্ত করা হয়েছে। থাকছে এম৮ হেলথ চিপের উন্নত সংস্করণ। আইফোন ৬-এ ১৪ ঘণ্টা এবং আইফোন ৬ প্লাসে ২৪ ঘণ্টা কথা বলার সুবিধা পাবেন ব্যবহারকারীরা। ক্যামেরায় বেশি মেগাপিক্সেল যোগ না করলেও ৮ মেগাপিক্সেলের ক্যামেরাকে আরও উন্নত করা হয়েছে। এতে যুক্ত হয়েছে ট্রু টোন ফ্ল্যাশ ও ১.৫ মাইক্রন পিক্সেলের সেন্সর। যোগ হয়েছে উন্নত ‘ফেস ডিটেকশন’ প্রযুক্তিসুবিধা, যা দিয়ে সেলফি তোলা যাবে সহজেই। আইওএস ৮ চালিত নতুন আইফোনে সোয়াপ কিবোর্ড ও মার্ক-আপ নামের বিশেষ বৈশিষ্ট্য থাকছে। ১৭ সেপ্টেম্বর আইওএসের হালনাগাদ বর্তমান ব্যবহারকারীরা পাবেন।
অ্যাপল ওয়াচে থাকছে স্বাস্থ্য ও ফিটনেস ট্র্যাক সুবিধা। নতুন আইফোন ৬ এবং ৬ প্লাস পাওয়া যাবে ১৬, ৬৪ এবং ১২৮ গিগাবাইট সংস্করণে। আইফোন ৬-এর ১৬, ৬৪ ও ১২৮ গিগাবাইটের দাম পড়বে ১৯৯, ২৯৯ ও ৩৯৯ ডলার এবং আইফোন ৬ প্লাস-এর ১৬, ৬৪ ও ১২৮ গিগাবাইটের দাম পড়বে ২৯৯, ৩৯৯ ও ৪৯৯ ডলার। ‘অ্যাপল ওয়াচ’-এর দাম ২৫০ ডলার।
—বিবিসি, রয়টার্স ও টাইম