নতুন দুটি ‘আইসক্রিম’ স্মার্টফোন আনছে সনি
প্রযুক্তি পণ্যনির্মাতা প্রতিষ্ঠান সনি করপোরেশন নতুন দুটি স্মার্টফোন বাজারে আনার ঘোষণা দিয়েছে। সনির নতুন স্মার্টফোন দুটি এক্সপেরিয়া মডেলে যুক্ত হবে। এক খবরে প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট এনগ্যাজেট জানিয়েছে, সনির নতুন স্মার্টফোন দুটির নাম ‘এক্সপেরিয়া গো’ ও ‘অ্যাক্রো এস’।এক্সপেরিয়া গো স্মার্টফোনটিতে ফিচার হিসেবে থাকবে সাড়ে ৩ ইঞ্চি মাপের ডিসপ্লে, পাঁচ মেগাপিক্সেল ক্যামেরা, ১ গিগাহার্টজ ডুয়াল কোর প্রসেসর। এটি অ্যান্ড্রয়েড ২.৩ সংস্করণে চলবে। তবে অ্যান্ড্রয়েডের সর্বশেষ সংস্করণ ৪.০ বা আইসক্রিম স্যান্ডউইচ এতে আপগ্রেড করে নেওয়া যাবে।এক্সপেরিয়া অ্যাক্রো এস স্মার্টফোনটিতে অপারেটিং সিস্টেম হিসেবে ব্যবহূত হবে আইসক্রিম স্যান্ডউইচ। ৪.৩ ইঞ্চি ডিসপ্লের অ্যাক্রো এস স্মার্টফোনটিতে থাকছে ১২ মেগাপিক্সেলের ক্যামেরা যার মাধ্যমে হাই ডেফিনেশন (এইচডি) ভিডিও করা যাবে। ১.৫ গিগাহার্টজ ডুয়াল কোর প্রসেসর-চালিত স্মার্টফোনটিতে এইচডিএমআই সংযোগে টেলিভিশন দেখা যাবে।এ বছরের অক্টোবর মাস নাগাদ বাজারে আসতে পারে সনির স্মার্টফোন দুটি। তবে এর দাম বিষয়ে এখনও মুখ খোলেনি প্রতিষ্ঠানটি।