নতুন ধারার উদ্যোক্তাদের জন্য সম্মাননা
ফেসবুক-ভিত্তিক গ্রুপ ‘চাকরি খুঁজব না চাকরি দেব’-এর দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে ৩১ তথ্যপ্রযুক্তি উদ্যোক্তাকে সম্মাননা দেওয়া হয়েছে। গতকাল শনিবার ঢাকার বিশ্বসাহিত্য কেন্দ্র মিলনায়তনে বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক (বিডিওএসএন) পরিচালিত এই গ্রুপের মাধ্যমে অনুপ্রাণিত হয়ে উদ্যোক্তা হয়েছে, এমন প্রতিষ্ঠানগুলোকে সম্মাননা দেওয়া হয়। ‘দ্বিতীয় বর্ষপূর্তি উদ্যাপন ও উদ্যোক্তা সম্মাননা ১৪২০’ শীর্ষক এই আয়োজনের শুরুতে সাভারে স্মরণকালের ভয়াবহ ভবনধসের দুর্ঘটনায় নিহত ব্যক্তিদের স্মরণে নীরবতা পালন করা হয় এবং দোয়া করা হয়। অনুষ্ঠানে উদ্যোক্তাদের সম্মাননা তুলে দেন বিডিওএসএনের সভাপতি ও লেখক মুহম্মদ জাফর ইকবাল। এ সময় তিনি বলেন, ‘নতুন উদ্যোক্তারাই দেশকে এগিয়ে নিয়ে যেতে পারবে সামনের দিকে। তবে সবাইকে নিজের ব্যবসার পাশাপাশি দেশের জন্য কিছু করতে হবে। আমার বিশ্বাস, নতুন প্রজন্ম অনেক ভালো করবে, যাদের নিয়ে আমি বেশ আশাবাদী।’ নতুন উদ্যোক্তাদের উদ্দেশে তিনি বলেন, ‘কাজে সফলতা কিংবা অসফলতা দুটিই আসবে, তাই বলে পিছিয়ে যাওয়া যাবে না। চেষ্টা করে যেতে হবে।’অনুষ্ঠানে বক্তব্য দেন বিডি ভেঞ্চারের ব্যবস্থাপনা পরিচালক শওকত হোসেন, অন্যরকম গ্রুপের চেয়ারম্যান মাহমুদুল হাসান, বেটারস্টোরিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মিনহাজ আনওয়ার, তথ্যপ্রযুক্তি সাংবাদিক মোহাম্মদ কাওছার উদ্দিন, চাকরি খুঁজব না চাকরি দেব গ্রুপের অ্যাডমিন সাজ্জাত হোসেন, প্রথম আলোর উপ-ফিচার সম্পাদক পল্লব মোহাইমেনসহ অনেকে।সম্মাননা পাওয়া প্রতিষ্ঠানগুলোকে স্মারক ও সনদপত্র দেওয়া হয়। প্রতিষ্ঠানগুলো হলো আমারগেজেট ডট কম, অ্যাডভান্সড অ্যাপস বাংলাদেশ, দেশিশিল্প ডট কম, ইবাজারবিডি, ইবিপণন, বগুড়ার দই ডট কম, ওয়াও অনলাইন শপ, প্রিয়শপ, রাজশাহী উন্নয়ন, জোবক্স, আর ক্র্যাফট, সেইলর ইনফো টেক, শুভ অ্যাপারেলস, সফটকল, সিলহোস্ট আইটি, টি-জোন, ইনস্ট্যান্ট রিচার্জ, রিকন আইটি, কে আইটি, ভারটেক্স সোর্সিং বিডি, ক্যাম্পাসনিউজ২৪ বিডি, ফোরসি মার্কেটিং সলিউশন, জাদুকাটা ট্যুরিজম, রূপকথা জামদানি, জলেডাঙা ডট কম, রাইট ক্লিকস ডট কম, এবিএইচ ওয়ার্ল্ড আইটি একাডেমি, ডেভসটিম লিমিটেড, ক্রিপস পেমেন্ট, ইনকিউব ডিজাইন বিডি ও ইনফ্লাক লিমিটেড।অনুষ্ঠানে বিডিওএসএনের সাধারণ সম্পাদক মুনির হাসান বলেন, ‘এ গ্রুপে নতুন উদ্যোক্তাদের যেমন পরামর্শ দেওয়া হয়, তেমনি উদ্যোগের নানা বিষয়ে আলোচনাও করা হয়। গ্রুপটির ওয়েব ঠিকানা www.facebook.com/groups/uddokta। —নুরুন্নবী চৌধুরী