নতুন ধারার গণমাধ্যম নিয়ে কাতারে হ্যাকাথন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কাতারের রাজধানী দোহায় শুরু হয়েছে ‘মিডিয়া ইনোভেশন কনটেক্সট হ্যাকাথন’ নামের তিন দিনের এক কারিগরি সম্মেলন। গতকাল শনিবার দোহার কাতার জাতীয় সম্মেলন কেন্দ্রে এ সম্মেলনের আয়োজন করেছে সংবাদভিত্তিক টেলিভিশন চ্যানেল আল-জাজিরার উদ্ভাবন ও গবেষণা উন্নয়ন বিভাগ। এতে বিভিন্ন দেশের ৯০ জন সাংবাদিক, গবেষক, প্রোগ্রামার, সামাজিক মাধ্যম বিশেষজ্ঞ, ডিজাইনাররা অংশ নিচ্ছেন।

সকালে সম্মেলনের শুরুতে এ আয়োজনের নানা বিষয় তুলে ধরে আল-জাজিরার কৌশলগত ও উন্নয়ন বিভাগের নির্বাহী পরিচালক ইয়াসির বিশার বলেন, বর্তমানে নতুন প্রযুক্তিসুবিধা ব্যবহারের মাধ্যমে সংবাদ সংগ্রহ কিংবা পাঠকদের সংবাদ জানার পদ্ধতির দারুণ পরিবর্তন এসেছে। এ সুবিধাগুলোকে কীভাবে সহজ করা যায়, সে লক্ষ্যে এ কারিগরি সম্মেলনের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে সম্মেলনের বিস্তারিত তুলে ধরেন আল-জাজিরা ইংরেজির আউটপুট বিভাগের প্রধান কার্লোস ভ্যান মিক এবং গবেষণা ও উন্নয়ন বিভাগের শীর্ষ কর্মকর্তারা।
প্রথম দিনে একাধিক কারিগরি চ্যালেঞ্জ নিয়ে কাজ করেন অংশগ্রহণকারীরা। এসবের মধ্যে ছিল কণ্ঠ ছাড়াও কীভাবে ডেটা ব্যবহার সম্ভব, নারীদের জন্য নিরাপদ ইন্টারনেট, মিডিয়া অন মুভ, আধুনিক এবং উদ্ভাবনী সংবাদ শিরোনাম, সংবাদ এবং এর প্রতিক্রিয়ার পদ্ধতি, ঐতিহাসিক বিষয় এবং সংস্কৃতি তুলে ধরার আধুনিক পদ্ধতি ইত্যাদি বিষয়। আজ দ্বিতীয় দিনে নির্বাচিত বিষয়গুলো নিয়ে টানা চলবে হ্যাকাথন পর্ব। সেরা প্রকল্প, সেরা উদ্ভাবন এবং সেরা দলের জন্য রয়েছে আর্থিক পুরস্কার।