নতুন পৃথিবীর খোঁজে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সকালে প্রথমে গুঁড়ি গুঁড়ি, এরপর বড় বড় বৃষ্টির ফোঁটা পড়তে লাগল। তার পরও হ্যাপিনেস মেশিনের সামনের সারি অবিশ্বাস্যভাবে দীর্ঘ হতে থাকল। কারও মাথায় ছাতা, কারও মাথা খালি এবং কারও মাথায় স্কুলব্যাগ। তারা যেন আজ বৃষ্টিতে ভেজার অধিকার পেয়েছে। অনেকের মা-বাবা পাশেই দাঁড়িয়ে আছেন। কেউ কারও সন্তানকে বারণ করতে পারছেন না। উৎসব বলে কথা। সত্যিই ১৬ সেপ্টেম্বর রাজশাহী কলেজিয়েট স্কুলে গ্রামীণফোন-প্রথম আলো ইন্টারনেট উৎসব যে উচ্ছ্বাসে-আনন্দে বাধাহীন হয়ে উঠেছিল, তা বোঝা গেল উৎসবের উদ্বোধন ঘোষণার সময়। অতিথিরা দেখছেন বৃষ্টির ভারে উৎসবের প্যান্ডেল কাত হয়ে পড়ে যাচ্ছে। অনুষ্ঠানের ঘোষক মনিরা রহমান প্রায় ভাষা হারিয়ে ফেলেছেন। কিন্তু বসে থাকেনি সেই কিশোর-তরুণেরা, যারা পৃথিবীর পাঠশালায় যোগ দিতে এসেছে। তারা ছুটে এসে খুঁটি ধরে থাকল, যাতে প্যান্ডেলটি ধপাস করে না পড়ে। যাতে আস্তে আস্তে ভেতরের শিশুরা বাইরে বের হয়ে আসতে পারে; তাই হলো। তারপর সবাই মিলে প্যান্ডেলটাকে সোজা করার প্রাণপণ চেষ্টা চালাল। কিন্তু ততক্ষণের এর ওপরে অনেক বৃষ্টির পানি জমা হয়ে গেছে। নরম মাটিও আর খুঁটি ধরে রাখতে চাইল না। তাতেও ওরা দমল না। দুর্যোগ আর দুর্ঘটনাকে ওরা যেন উৎসবের অংশ বানিয়ে নিল। দুই হাত উঁচু করে হুররে ধ্বনি তুলে জানিয়ে দিল প্যান্ডেল ছাড়াই উৎসব হবে। উৎসবে এভাবেই বৃষ্টির বাধাকে জয় করে শিশুরা উৎসবের আনন্দে মেতে উঠেছিল। সারা দিন বৃষ্টিতে ভিজে মুক্তিযোদ্ধা নূর হামিম রিজভী বীর প্রতীক যেন শিশুদের দলে মিশে গেছেন। রাজশাহী কলেজের উচ্চমাধ্যমিক শ্রেণীর শিক্ষার্থী মীর রাসেল আই-জিনিয়াস নির্বাচিত হওয়ার পরে জানা গেল, তার পেছনে পেছনে ব্যাগ হাতে সকাল থেকে বৃষ্টিতে যে লোকটি ভিজছিলেন তিনি আর কেউ নন, রাজশাহী কলেজের সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষক আবদুল মালেক। শিক্ষার্থীদের এ উচ্ছ্বাস দেখে তিনি সকালে এসে আর যেতে পারেননি। তিনি তাঁর প্রতিক্রিয়ায় প্রথম আলো ও গ্রামীণফোনের উচ্ছ্বসিত প্রশংসা করে বললেন, এ আয়োজন শিশুদের প্রাণের উৎসবে পরিণত হয়েছে।আই-জিনিয়াস মীর রাসেল বলল, ‘গতবারও আমি আই-জিনিয়াস হয়ে ঢাকায় গিয়েছিলাম। কিন্তু সুবিধা করতে পারিনি। আমার মনে হয়েছে, শুধু বইয়ের পাতা মুখস্থ করে কিছু করা যাবে না। বিশ্ব জয় করতে হলে ইন্টারনেটের জগতে ঢুকতে হবে।’প্রতিযোগিতার সেরা দশে টিকেছিল একমাত্র মেয়ে রাজশাহী কলেজের উচ্চমাধ্যমিক শ্রেণীর শিক্ষার্থী ইফফাত ফারিয়া। তার ভেতরে চরম উত্তেজনা। ও বলল, ‘কয়েক সেকেন্ডের জন্য আই-জিনিয়াস হতে পারিনি, কিন্তু আই-জিনিয়াস হওয়ার উত্তেজনা খুব কাছে থেকে অনুভব করেছি।’পরের দিন ১৭ সেপ্টেম্বর একই ঘটনা ঘটল রাজশাহীর বাঘায়। বৃষ্টি আর ছাড়ে না। তাই বলে উৎসব থেমে থাকল না। বন্ধুসভার বন্ধু বজলুর রহমান, আরিফুর রহমান, মিলন, জাকির, সুখী, শিমুল, শান্ত ও প্রশান্ত শিক্ষার্থীদের মতোয়ারা করে রাখলেন। আই-জিনিয়াস শরীফুল ইসলাম বলল, ‘আজ আমি নতুন পৃথিবীতে ঢুকলাম।’