নতুন প্রজন্মের গুগল চশমা?
গুগলের নতুন কিছু শুরু করা মানে তো প্রযুক্তিরই নতুন ধারা। অন্তত পূর্ব অভিজ্ঞতা তাই বলে। পরিধানযোগ্য প্রযুক্তিতে পরিবর্তন আনতে প্রতিষ্ঠানটি গুগল গ্লাস এনেছিল মানুষের হাতের নাগালে। তবে যে কারণেই হোক, চলতি বছরের শুরুতে গুগল তাদের সেই প্রকল্প একরকম হুট করেই বন্ধ করে দেয়। সেই বন্ধ যে পুরোপুরি বন্ধ নয়, তা বোঝা গেল এত দিনে।
চলতি সপ্তাহে প্রতিষ্ঠানটির ঝুলিতে জমা হয়েছে নতুন এক পণ্যের পেটেন্ট। তাতে মাথায় পরিধেয় যন্ত্রে ছবি দেখা যায়। যন্ত্রটিতে ছোট একটি পর্দা থাকলেও মাথার সঙ্গে যুক্ত রাখতে ব্যবহার করা হয়েছে নমনীয় ব্যান্ড, অনেকটা সাপের মতো। মূলত মাথার গঠনের সঙ্গে মানিয়ে নিতেই এই ব্যবস্থা। তাও আবার থাকবে মাথার একপাশে। পর্দাও এক চোখের সামনে।
শুরুতে গুগল গ্লাস দেখতে সাধারণ চশমার মতোই ছিল। চলতি বছরের জুনে ‘প্রোজেক্ট অরা’ নামে নতুন এক প্রকল্পের খবর ছড়িয়ে পড়ে। গুগল গ্লাসের পরবর্তী প্রজন্মের শুরু করাই ছিল সে প্রকল্পের উদ্দেশ্য। সে সময় দ্য ইনফরমেশন এক প্রতিবেদনে জানায়, অন্তত তিনটি নমুনা (প্রোটোটাইপ) তৈরি করেছে গুগল, যার একটি ক্রীড়া সংস্করণ। আর দ্বিতীয়টি মূলত প্রাতিষ্ঠানিক কাজে ব্যবহারের জন্য। তবে সব কিছুই ভুল প্রমাণ করে এত দিনে নতুন কিছুর আভাস পাওয়া গেল প্রতিষ্ঠানটির তরফ থেকে।