নতুন প্রযুক্তির ইন্টারনেট নিয়ে কর্মশালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বর্তমানে আমাদের দেশের ইন্টারনেট-ব্যবস্থায় ব্যবহূত হচ্ছে ইন্টারনেট প্রটোকলের চতুর্থ সংস্করণ (আইপি ভি৪)। কিন্তু প্রযুক্তি দুনিয়ার সঙ্গে তাল মেলাতে শিগগিরই এই ব্যবস্থাকে ইন্টারনেট প্রটোকল ষষ্ঠ সংস্করণে (আইপিভি৬) উন্নীত করা প্রয়োজন। উন্নত বিশ্বের সঙ্গে তথ্যপ্রযুক্তিগত বিষয়গুলোর সামঞ্জস্য রক্ষা করতে আইপিভি৬ ব্যবহার করতে। গতকাল শনিবার ঢাকার একটি হোটেলে ‘আইপিভি৬-এ স্থানান্তর’ বিষয়ে আয়োজিত কর্মশালায় এ সম্পর্কে বিস্তারিত জানানো হয়। বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি) এবং গ্রামীণফোন আইটি লিমিটেড আয়োজিত কর্মশালার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিসিসির নির্বাহী পরিচালক মাহফুজুর রহমান। তিনি বলেন, সরকারের ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নের জন্য নানা উদ্যোগ নিয়ে কাজ চলছে। এ বিষয়েও নীতিমালা তৈরির পাশাপাশি আরও নানা কার্যক্রমের মাধ্যমে বিষয়টি তুলে ধরা হবে বলে জানান তিনি। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের পরিচালক রাকিবুল হাসান চৌধুরী। এর আগে সকালে কর্মশালার উদ্বোধন করেন বিসিসির সিনিয়র সিস্টেম অ্যানালিস্ট তারেক এম বরকতউল্যাহ এবং গ্রামীণফোন আইটি লিমিটেডের প্রধান নির্বাহী কাজী ইসলাম। কর্মশালায় আইপিভি৬-এর কারিগরি বিষয়গুলোর বিস্তারিত তুলে ধরেন প্রাইস ওয়াটার হাউস কুপারের (পিডব্লিউসি) পরামর্শক শুভা চ্যাটার্জি এবং উইপ্রো টেকনোলজিসের পরামর্শক ধর্মেন্দ্র সেন। জানানো হয়, আইপিভি৪ ও ৬-এর মধ্যে প্রযুক্তিগত কিছু পরিবর্তন রয়েছে। প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে চলতে হলে যত দ্রুত সম্ভব প্রযুক্তির সঙ্গে যুক্ত প্রতিষ্ঠানগুলোকে আইপিভি৬ চলে যাওয়া উচিত। ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান বিডিকম অনলাইনের ব্যবস্থাপনা পরিচালক সুমন আহমেদ বলেন, এখন বিশ্বের উন্নত প্রযুক্তি এবং ব্যবহূত সফটওয়্যারগুলো আইপিভি৬ উপযোগী হয়ে গেছে। তাই প্রযুক্তি প্রতিষ্ঠান সংশ্লিষ্টদের যত দ্রুত সম্ভব আইপিভি৪ থেকে আইপিভি৬-এ উন্নীত করা উচিত। —নুরুন্নবী চৌধুরী