নতুন প্রযুক্তির কি-বোর্ড বানাচ্ছে অ্যাপল
প্রযুক্তির ক্ষেত্রে অ্যাপল মানেই নতুন কিছুর উদ্ভাবন। এবার প্রচলিত কি-বোর্ডের উন্নতির দিকে মন দিয়েছে অ্যাপল। সম্প্রতি মেমব্রেন বা পাতলা পর্দার মতো কি-বোর্ড তৈরির কাজে হাত লাগিয়েছে প্রতিষ্ঠানটি। নতুন এই কি-বোর্ড অনেকটাই স্পর্শ প্রযুক্তিনির্ভর। এখন যেখানে আঙুলের টোকায় কাজ করে কি-বোর্ড, সেখানে অ্যাপলের এই কি-বোর্ড কাজ করবে আঙুলের স্পর্শে। ২০১০ সালের ২০ আগস্টে এই নতুন প্রযুক্তির কি-বোর্ড তৈরির জন্য পেটেন্ট আবেদন করেছিল অ্যাপল। সম্প্রতি যুক্তরাষ্ট্রের পেটেন্ট অফিসের বরাতে অ্যাপলের নতুন এই কি-বোর্ডের তথ্য ফাঁস করেছে প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট অ্যাপল ইনসাইডার। পেটেন্ট আবেদনে বলা হয়েছে, অ্যাপলের কি-বোর্ড তৈরিতে উপাদান হিসেবে ব্যবহার করা হবে কাচ, ধাতব পদার্থ, কাঠ, পাথর, এমনকি পলিশ করা উল্কাপিণ্ডও। কি-বোর্ডটি এমনভাবে নকশা করা হবে, যাতে যেকোনো কি-ক্যাপ আঙুলের স্পর্শ চিনতে সক্ষম হবে। কি-বোর্ডে ‘সিঙ্গেল লিভার’ পদ্ধতি ব্যবহার করা হবে। এই পদ্ধতি ব্যবহারের সুবিধা হিসেবে পেটেন্ট আবেদনে বলা হয়েছে, লিভারের ওপর ‘কি’ বসিয়ে রাখা হবে, ফলে এটি হবে আরও বেশি টেকসই। এই পদ্ধতিতে একটি কি-তে চাপ দেওয়া হলে সেটি লিভারের ওপর চাপ ফেলবে এবং আরেকটি উঠে আসবে। এ জন্য কি-বোর্ডের নিচে থাকবে আলাদা প্রযুক্তি। হালকা-পাতলা অ্যাপল ডিভাইসের জন্য তৈরি এই কি-বোর্ডের আকার ও ওজন কমে যাবে। দুই বছর আগে আবেদন করে রাখলেও যুক্তরাষ্ট্রের পেটেন্ট অফিস এখনো এই আবেদনে সাড়া দেয়নি। তাই অ্যাপলের নতুন আইপ্যাড, ল্যাপটপ, ডেস্কটপ বা আইফোনে এখন এই কি-বোর্ডের দেখা না-ও যেতে পারে।