নতুন প্রযুক্তির টিভি আনছে স্যামসাং ও এলজি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কোয়ান্টাম ডট প্রযুক্তির টিভি আনছে স্যামসাং ও এলজি
কোয়ান্টাম ডট প্রযুক্তির টিভি আনছে স্যামসাং ও এলজি

নতুন প্রযুক্তির টিভি বাজারে আনছে বিশ্বের বৃহত্তম দুই টিভি নির্মাতা স্যামসাং ও এলজি। পরবর্তী প্রজন্মের এই টিভি প্রযুক্তির নাম কোয়ান্টাম ডট প্রযুক্তি যা ওএলইডি টিভির চেয়ে কম খরচে ঝকঝকে ছবি দেখাতে সক্ষম হবে।

কোয়ান্টাম ডট প্রযুক্তির টিভিতে লিকুইড ক্রিস্টাল ডিসপ্লের (এলসিডি) সঙ্গে থাকবে ক্ষুদ্র আকারের লাইট-এমিটিং ক্রিস্টালের ফিল্ম। প্রযুক্তি বিশ্লেষকেরা বলছেন, এই ডিসপ্লে তৈরি করা বেশ সহজ কিন্তু এতে ছবি পাওয়া যাবে অর্গানিক লাইট-এমিটিং ডায়োডের (ওএলইডি) তুলনায় ঝকঝকে। এ টিভির খরচও হবে কম।
একটি বাজার গবেষণাপ্রতিষ্ঠান বলছে, কম দামে উন্নত প্রযুক্তির টিভি দ্রুত বাজার ধরতে পারবে। ৫৫ ইঞ্চি মাপের একটি কোয়ান্টাম ডট প্রযুক্তির টিভির দাম বর্তমানে বাজারে থাকা এলসিডি টিভির চেয়ে বড়জোর ৩০ থেকে ৩৫ শতাংশ বেশি হতে পারে। কিন্তু বর্তমানে বাজারে থাকা ওএলইডি টিভিগুলোর দাম প্রায় পাঁচ গুণ বেশি। সম্প্রতি ১১ হাজার ৩৫০ মার্কিন ডলার দামে ৬৫ ইঞ্চি মাপের আলট্রা-হাই ডেফিনেশন ওএলইডি টিভি দক্ষিণ কোরিয়ার বাজারে এনেছে এলজি।
বাজার গবেষকেরা বলছেন, কোয়ান্টাম ডট প্রযুক্তির টিভির বড় চ্যালেঞ্জ হচ্ছে কোয়ান্টাম ডট উপাদান সংগ্রহ করা। বর্তমানে কোয়ান্টাম ম্যাটেরিয়ালস করপোরেশন, ন্যানোকো গ্রুপের মতো কয়েকটি প্রতিষ্ঠান এ উপাদান সরবরাহে কাজ করছে।
বর্তমানে শুধু জাপানের সনি করপোরেশন কোয়ান্টাম ডট প্রযুক্তির টিভি বিক্রি শুরু করেছে। গত মাসে চীনের টিসিএল মাল্টিমিডিয়া কোয়ান্টাম ডট প্রযুক্তির টিভি আনার ঘোষণা দিয়েছে।
বাজার গবেষণাপ্রতিষ্ঠান ডিসপ্লেসার্চের গবেষকেরা ধারণা করছেন, আগামী বছরে প্রায় ২০ লাখ ইউনিট কোয়ান্টাম ডট টিভি বাজারে আসবে; যা ২০২০ সাল নাগাদ দুই কোটি ইউনিট ছাড়িয়ে যেতে পারে। বাজার গবেষণাপ্রতিষ্ঠান আইএইচএস টেকনোলজির গবেষকেরা মনে করছেন, ২০১৯ সাল নাগাদ ৭৮ লাখ ইউনিট ওএলইডি টিভি বাজারে আসবে।