নতুন ফায়ারফক্স নিয়ে মজিলা বাংলাদেশের আয়োজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মজিলা বাংলাদেশের কমিউনিটি
মজিলা বাংলাদেশের কমিউনিটি

‘সুরক্ষিত থাকবে আপনার গোপনীয়তা, উন্মুক্ত থাকবে ওয়েব, কথা দিলাম’ স্লোগানে ঢাকায় অনুষ্ঠিত হয়েছে মজিলা ফায়ারফক্সের সর্বশেষ সংস্করণ ‘ফায়াফক্স ২৯’র কমিউনিটি লঞ্চিং।

মজিলা বাংলাদেশের উদ্যোগে গত শুক্রবার মিরপুরের ‘হাব ঢাকা’য় এ আয়োজনে নতুন ফায়ারফক্সের নতুন অভিজ্ঞতা পেয়েছেন অংশগ্রহণকারীরা। অনুষ্ঠানে কমিউনিটির সদস্য ও শুভাকাঙ্ক্ষীরা ফায়ারফক্সের ব্যবহারকারীরা উপস্থিত থেকে নতুন ফায়ারফক্সের বিভিন্ন বৈশিষ্ট্য ও সুবিধাগুলো নিয়ে আলোচনা করেন। এছাড়াও সভায় অতিথিদের মজিলার মিশন, মজিলার বিভিন্ন পণ্য এবং কীভাবে মজিলার সাথে সম্পৃক্ত হওয়া যায় সে বিষয়ে অবহিত করা হয়।
মজিলা বাংলাদেশের কমিউনিটি লিড মাহে আলম খান বলেন, ‘বর্তমানে বিশ্বের ইন্টারনেট ব্যবহারকারী বৃহত্ জনগোষ্ঠী কীভাবে ওয়েব ব্যবহার করেন ও করতে চান, আমরা সেটি নিয়ে বিস্তর চিন্তা ও গবেষণা করেছি। ব্যবহারকারীর গোপনীয়তার নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে নতুন সংস্করণে।
মাহে আলম বলেন, মজিলা একটি অলাভজনক সংগঠন। ওয়েবকে উন্মুক্ত রেখে, উদ্ভাবনী গবেষণার মাধ্যমে নিত্যনতুন সুযোগ-সুবিধা উন্নয়ন করে যাচ্ছে মজিলা। গত এক দশকে মজিলা শীর্ষ ব্রাউজারে পরিণত হয়েছে।
সহজ ও ব্যবহার উপযোগী করতে ফায়ারফক্সে যুক্ত হয়েছে নতুন ট্যাব ডিজাইন ও নতুন কাস্টমাইজেশন সুবিধা। প্রায় তিন বছর পর একসঙ্গে এত কাস্টমাইজেশন সুবিধার পরিবর্তন করলো ফায়ারফক্স। নতুন সংস্করণটি যারা ব্যবহার করছেন তারা হালনাগাদ করে নিতে পারেন। এছাড়া নতুন করে www.mozilla.org/en-US/firefox/all ঠিকানা থেকে ডাউনলোড করা যাবে। নতুন সংস্করণ নিয়ে তৈরি বিশেষ ভিডিও দেখা যাবে https://webwewant.mozilla.org/en ঠিকানায়।