নতুন বছরে মাইক্রোসফটের নতুন ফোন

আগামী বছরের সেপ্টেম্বর মাস নাগাদ এমন একটি ফোন বাজারে আনবে মাইক্রোসফট যাতে ডিসপ্লে স্পর্শ না করেও কাজ করা যাবে। প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট দ্য ভার্জ জানিয়েছে, আগামী বছরের সেপ্টেম্বর মাস নাগাদ বাজারে ছাড়ার জন্য ম্যাকলারেন কোডনাম দিয়ে নতুন ফ্ল্যাগশিপ ফোনটি তৈরির কাজ শুরু করে দিয়েছে মাইক্রোসফট। এক খবরে এ তথ্য জানিয়েছে এনডিটিভি।
নতুন ফ্ল্যাগশিপ ফোন বাজারে আনার আগেই আরও বেশ কিছু স্মার্টফোন উন্মুক্ত করবে মাইক্রোসফট। এরই মধ্যে আগামী বছরের মার্চ মাসে বার্সেলোনায় অনুষ্ঠিতব্য মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে অংশগ্রহণ করার কথা জানিয়েছে মাইক্রোসফট। তবে ওই অনুষ্ঠানে ফ্ল্যাগশিপ হাইএন্ডের স্মার্টফোন নাও আনতে পারে প্রতিষ্ঠানটি। তবে কয়েকটি লো এন্ডের এবং লুমিয়া ৬ সিরিজের কয়েকটি ফোন উন্মুক্ত করবে মাইক্রোসফট।
প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট গিকঅ্যান্ডগ্যাজেটস জানিয়েছে, বাংলাদেশ ও ভারতের বাজারে ছাড়া লুমিয়া৫৩৫ এর মতোই লুমিয়া ৬ সিরিজে সাশ্রয়ী স্মার্টফোন বাজারে আনবে মাইক্রোসফট। এ ছাড়াও মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে সাশ্রয়ী দামের লুমিয়া৩৩০ ও লুমিয়া৪৩৫ ফোন বাজারে ছাড়তে পারে। থ্রিজি ও দুই সিম সুবিধার এই ফোনে থাকবে চার ইঞ্চি মাপের ডব্লিউভিজিএ ডিসপ্লে।