নতুন বাজারে কম্পিউটার মেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর কম্পিউটার বাজার বলতে এতদিন বিসিএস কম্পিউটার সিটি এবং এলিফ্যান্ট রোডের কম্পিউটার মার্কেটকে বোঝাত। কম্পিউটারের ক্রমবর্ধমান চাহিদার কথা চিন্তা করে রাজধানীর উত্তরার সাইদ গ্রান্ড সেন্টারে চালু হয়েছে কম্পিউটারের বাজার। এ বাজারকে পরিচিত করতে উত্তরা কম্পিউটার সমিতির (ইউসিএস) আয়োজনে ১২ দিনের তথ্যপ্রযুক্তি মেলার আয়োজন করা হয়েছে।গত বৃহস্পতিবার ইউসিএস আইসিটি ফেয়ার নামে এ মেলার উদ্বোধন করেন বাংলাদেশ কম্পিউটার সমিতির (বিসিএস) সভাপতি মোস্তাফা জব্বার।তিনি বলেন, যত বেশি কম্পিউটার বাজার গড়ে উঠবে, কম্পিউটার ব্যবহারকারীদের জন্য তত বেশি ভালো। ঢাকার প্রতিটি এলাকায় একটি করে কম্পিউটার বাজার চালু হলে ভালো হয়। অনুষ্ঠানে ইউসিএসের উপদেষ্টা ও সাইদ গ্রান্ড সেন্টারের স্বত্বাধিকারী সাইদুর রহমান বলেন, ‘উন্নত বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলতে হলে আমাদেরও সমান তালে এগিয়ে যেতে হবে। আর এগিয়ে যাওয়ার জন্য প্রযুক্তি হতে পারে সবচেয়ে বড় হাতিয়ার।’ তিনি বলেন, ‘উত্তরাবাসীর কাছে কম্পিউটারসেবা পৌঁছে দেওয়ার জন্য আমাদের এই মেলার আয়োজন।’ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এলিফ্যান্ট রোড কম্পিউটার সমিতির সভাপতি বিল্লাল হোসেন, ইউসিএসের সভাপতি মো. গোলাম সরোয়ার, সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেনসহ অনেকে। এ মেলা চলবে আগামী ৫ এপ্রিল পর্যন্ত। মেলা উপলক্ষে প্রতিটি দোকানে বিশেষ মূল্যছাড় দেওয়া হয়েছে। এ ছাড়া পণ্য কিনলেই বিভিন্ন উপহার দেওয়া হবে। মেলার আহ্বায়ক মেহেদী হাসান বলেন, মেলা উপলক্ষে শিক্ষার্থীদের জন্য থাকছে বিনা মূল্যে ইন্টারনেট ব্যবহারের সুবিধা ও গেমিং জোনে গেম খেলার বিশেষ ব্যবস্থা। সরকারি বন্ধের দিন ছাড়া মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত আটটা পর্যন্ত খোলা থাকবে। মেলায় প্রবেশে কোনো ফি লাগবে না। —তারিকুর রহমান খান