নতুন মডেলের গুগল টিভি আনছে এলজি
নতুন বছরে গুগল টেলিভিশনের দুটি মডেল বাজারে আনছে ইলেকট্রনিক পণ্য নির্মাতাপ্রতিষ্ঠান এলজি। গুগল টিভি ৩.০ সফটওয়্যারনির্ভর জিএ৭৯০০ ও জিএ৬৪০০ মডেলের টেলিভিশন দুটি লাসভেগাসে অনুষ্ঠিতব্য সিইএস মেলায় প্রদর্শন করা হবে। এক খবরে এ তথ্য জানিয়েছে এনডিটিভি।গুগল জানিয়েছে, নতুন মডেলের টিভি ৪২ থেকে ৬০ ইঞ্চি মাপের মধ্যে হতে পারে। বর্তমানে ৪৭ ও ৫৫ ইঞ্চি মাপের গুগল টিভি বিপণন করে এলজি।নতুন মডেলের গুগল টিভিতে যুক্ত হচ্ছে কণ্ঠস্বর শনাক্তকরণ ও অনুসন্ধান প্রযুক্তি। টেলিভিশনে থাকবে ক্লাউড প্রযুক্তিতে গেম খেলার সুবিধা। ফলে আলাদাভাবে গেম কনসোল কিনতে হবে না।পাশাপাশি নতুন মডেলের গুগল টিভিতে থাকবে ম্যাজিক রিমোট কোয়ারটি নামে বিশেষ কন্ট্রোলার। এ কন্ট্রোলারটিতে মাইক্রোফোন, জেশ্চার ও কোয়ারটি কি-বোর্ড সুবিধা থাকছে।এলজির প্রধান নির্বাহী হায়েস নোন জানিয়েছেন, বিনোদনপ্রত্যাশীদের প্রত্যাশা পূরণে গুগল টিভি দারুণ এক অভিজ্ঞতা হবে। মার্চ মাসে বাজারে আসতে পারে গুগল টিভি। তবে এ টিভির দাম সম্পর্কে কোনো তথ্য প্রকাশ করেনি এলজি কর্তৃপক্ষ।