নতুন মোবাইলের কংগ্রেস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্যামসাংয়ের নতুন গ্যালাক্সি
স্যামসাংয়ের নতুন গ্যালাক্সি

নাম ‘মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস’ (এমডব্লিউসি)। এখানে স্মার্টওয়াচ, স্মার্টব্যান্ডের মতো উদ্ভাবনী প্রযুক্তিপণ্যের সঙ্গে দেখা মিলছে নতুন ফিচারযুক্ত বিভিন্ন মোবাইল ফোনের। ২৪ ফেব্রুয়ারি থেকে বার্সেলোনায় শুরু হওয়া এ সম্মেলনে নতুন নতুন মোবাইল ফোন আর ট্যাব নিয়ে হাজির বিশ্বের নামকরা অনেক প্রতিষ্ঠান।
মেলার সবচেয়ে বড় চমক ‘স্যামসাং আনপ্যাকড ৫’ নামের একটি অনুষ্ঠান। নতুন স্মার্টফোন উপলক্ষে বিশেষ অতিথিদের কাছে আগেভাগেই আমন্ত্রণপত্র পাঠিয়েছিল স্যামসাং। এই সম্মেলনে গ্যালাক্সি এস৫ বাজারে উন্মুক্ত করার করেছে দক্ষিণ কোরিয়ার প্রতিষ্ঠানটি। গতকাল সোমবার বার্সেলোনার একটি কমিউনিটি সেন্টারে এই সেটটি বাজারে ছাড়ার ঘোষণা দেওয়া হয়। গ্যালাক্সি এস৫ উন্মুক্ত করেন স্যামসাংয়ের প্রেসিডেন্ট জেকে শিন।

স্যামসাংয়ের ট্যাব দেখাচ্ছেন এক মডেল
স্যামসাংয়ের ট্যাব দেখাচ্ছেন এক মডেল

নতুন ফিচার আর নতুন প্রযুক্তিতে যাতে মানুষ আরও বেশি আগ্রহী হয়ে ওঠে সে লক্ষেই গ্যালাক্সি এস৫ বাজারে ছাড়া হয়েছে বলে জানান স্যামসাংয়ের প্রেসিডেন্ট।স্যামসাং জানিয়েছে, এপ্রিলের ১১ তারিখের পর থেকে সারা বিশ্বের ১৫০টি দেশে পাওয়া যাবে। তবে এখনও এর দাম ঘোষণা করেনি প্রতিষ্ঠানটি। মোবাইল কংগ্রেসে স্যামসাংয়ের প্যাভিলিয়নে এই হ্যান্ডসেটটি দেখা যাচ্ছে। এটি পানি ও ধুলা-বালি প্রতিরোধক। এছাড়া এতে দ্রুতগতির প্রসেসর থাকায় গেম খেলতে বিশেষ সুবিধা হবে।

স্পেনের বার্সেলোনায় চলছে মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস। একটি স্টলে চীনের প্রযুক্তি পণ্য নির্মাতা হুয়াউয়ের তৈরি স্মার্টফোন দেখাচ্ছেন এক মডেল। ছবি: প্রথম আলো
স্পেনের বার্সেলোনায় চলছে মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস। একটি স্টলে চীনের প্রযুক্তি পণ্য নির্মাতা হুয়াউয়ের তৈরি স্মার্টফোন দেখাচ্ছেন এক মডেল। ছবি: প্রথম আলো

৫.১ ইঞ্চির পর্দার এস৫ অনেকটা স্যামসাংয়ের গ্যালাক্সি সিরিজের পুরোনো সংস্করণ এস ফোরের মতো। ২.৫ গিগাহার্টজের কোয়াড প্রসেসরের মোবাইলটিতে রয়েছে দুই ২ গিগাবাইট র্যাম। ১৬ ও ৩২ গিগাবাইটের তথ্য ধারণ ক্ষমতার দুটি সংস্করণে পাওয়া যাবে এটি। এতে মাইক্রো এসডি কার্ড যুক্ত করা যাবে ও মেমোরি ৬৪ গিগাবাইট পর্যন্ত বাড়ানো যাবে।
এদিকে, প্রযুক্তি বিশ্লেষকেরা বলছেন, স্যামসাংয়ের নতুন স্মার্টফোনটির বিশেষ ফিচার হচ্ছে এর বায়োমেট্রিক নিরাপত্তা ব্যবস্থা। এ বছর মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসের থিমও তাই।

এলজির বাঁকানো সেট দেখাচ্ছেন এক মডেল।
এলজির বাঁকানো সেট দেখাচ্ছেন এক মডেল।

মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস উপলক্ষে ট্যাব প্রো নামের একটি ট্যাবলেট কম্পিউটার প্রদর্শন করছে স্যামসাং। ১২.২ মাপের এই ট্যাবলেট কম্পিউটারটির দাম এখনও ঠিক হয়নি। অ্যান্ড্রয়েড কিটক্যাট অপারেটিং সিস্টেমের ট্যাবটিতে রয়েছে আট মেগাপিক্সেল ক্যামেরা। স্যামসাংয়ের দাবি, প্রায় দশ ঘণ্টা ব্যাটারির চার্জ থাকে এতে।

নকিয়া বাজারে এনেছে এক্স, এক্স প্লাস ও এক্সএল নামের তিনটি মডেলের অ্যান্ড্রয়েড ফোন। ছবি: সিনেট।
নকিয়া বাজারে এনেছে এক্স, এক্স প্লাস ও এক্সএল নামের তিনটি মডেলের অ্যান্ড্রয়েড ফোন। ছবি: সিনেট।

স্যামসাংয়ের আগে মোবাইল কংগ্রেসে অ্যান্ড্রয়েডনির্ভর স্মার্টফোন আনার ঘোষণা দিয়ে আলো কেড়েছিল ফিনল্যান্ডের মোবাইল ফোন নির্মাতা নকিয়া। এতদিন উইন্ডোজনির্ভর স্মার্টফোনে আটকে ছিল প্রতিষ্ঠানটি। মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে কাস্টমাইজড অ্যান্ড্রয়েডযুক্ত ‘এক্স’, ‘এক্স প্লাস’ ও ‘এক্সএল’ নামের তিনটি স্মার্টফোন আনার ঘোষণা দিয়েছে নকিয়া। নকিয়ার এক্স স্মার্টফোনটির দাম হবে ৮৯ ইউরো বা প্রায় নয় হাজার ৫০০ টাকা। এক্স প্লাস ও এক্সএল মডেল দুটির দাম হবে যথাক্রমে প্রায় ১০ হাজার ৫৭০ ও ১১ হাজার ৬৩৫ টাকা।
মোবাইল কংগ্রেসে স্মার্টফোনের বাজারে নতুনত্ব দেখাতে হাজির চীনের হুয়াউয়ে। জি৬ নামের একটি স্মার্টফোন প্রদর্শন করছে প্রতিষ্ঠানটি। এটি পাঁচটি বাজারে পাওয়া যাবে। দাম হতে পারে ২২ হাজার টাকার কাছাকাছি। অ্যান্ড্রয়েডনির্ভর স্মার্টফোনটির পেছনে আট মেগাপিক্সেল ও সামনে পাঁচ মেগাপিক্সেলের ক্যামেরা রয়েছে।
এলজির প্যাভিলিয়নে একটি বিশেষ মোবাইল হ্যান্ডসেটের দিকে বেশি আগ্রহ দেখাচ্ছেন দর্শকরা। এলজির জিফ্লেক্স স্মার্টফোনটি দেখার মতো। এতে রয়েছে বাঁকানো ডিসপ্লে। ছয় ইঞ্চি পর্দার এই স্মার্টফোনটিতে ২.২৬ গিগাহার্টজ কোয়াড কোর প্রসেসর রয়েছে। এছাড়া পেছনে ১৩ মেগাপিক্সেল ও পেছনে দুই মেগাপিক্সেল ক্যামেরা আছে।