নতুন যত ধীমান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিজ্ঞানমেলায় শিক্ষার্থীরা জানতে এসেছেন অজানা কোনো তথ্য। ছবি: লেখক
বিজ্ঞানমেলায় শিক্ষার্থীরা জানতে এসেছেন অজানা কোনো তথ্য। ছবি: লেখক

বিজ্ঞান যে কেবল শ্রেণীকক্ষে শিক্ষকের তত্ত্বীয় পাঠদানের বিষয় নয়, সে তো জানা কথাই। অথচ আমাদের দেশে বিজ্ঞানের ব্যবহারিক প্রয়োগের চর্চাটা খুব একটা বেশি নয়। কিন্তু তার পরও সুযোগ পেলে আমাদের শিক্ষার্থীরাও যে বিজ্ঞানের তাক লাগানো ব্যবহারিক প্রয়োগ করতে পারে, তারই কিছু নমুনা দেখা গেল। বলছিলাম ২৬-২৮ সেপ্টেম্বর নটর ডেম কলেজ বিজ্ঞান ক্লাবের আয়োজনে অনুষ্ঠিত হওয়া জাতীয় বিজ্ঞান মেলা এবং ২৩তম সাধারণ জ্ঞান প্রতিযোগিতার কথা।
পাহাড়ি রাস্তায় সড়ক দুর্ঘটনা প্রতিরোধ, অর্থনৈতিক উন্নয়নে বর্জ্য পদার্থের ব্যবহার, বিশ্ব উষ্ণায়ন প্রতিরোধ, পানি বিশুদ্ধকরণ, ভবিষ্যতের জ্বালানি চক্র, কৃত্রিমভাবে বায়ু থেকে কার্বন ডাই-অক্সাইড ও অক্সিজেন আলাদা করা, শৈবাল থেকে জ্বালানি উৎপাদন—এমনি আরও নানা ধরনের ছোট-বড় চার শতাধিক প্রকল্প প্রদর্শিত হয় এবারের মেলায়।
আয়োজকদের সঙ্গে কথা বলে জানা যায়। ঢাকা ও এর আশপাশের অঞ্চলের ৪২টি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় এক হাজার ২০০ শিক্ষার্থী এবারের বিজ্ঞান মেলায় অংশগ্রহণ করে। মেলা ঘুরে দেখা গেল, শিক্ষার্থীরা বর্তমান যুগের বিভিন্ন সমস্যা ও চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে প্রকল্পগুলো তৈরি করেছে। যেমন: নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার, গ্লোবাল ওয়ার্মিং প্রতিরোধ, পরিবেশদূষণ রোধ ও পরিবেশ সংরক্ষণ, বিকল্প জ্বালানির ব্যবহার, বর্জ্য ব্যবস্থাপনা, সড়ক ও রেল দুর্ঘটনা প্রতিরোধ—এ ধরনের প্রকল্পের সংখ্যাই ছিল বেশি।

মনিপুর কলেজের একাদশ শ্রেণীর শিক্ষার্থী ফারজানা আলম ও সাইদা আক্তার মিলে তৈরি করেছে শৈবাল থেকে জ্বালানি উৎপাদনের একটি প্রকল্প। আবার নটর ডেম কলেজের একাদশ শ্রেণীর সাদমান সাকিব ও আহনাফ তাহমিদ মিলে বানিয়েছে ‘ভবিষ্যতের জ্বালানি চক্র’। তারা জানায়, ‘ভবিষ্যতে পুরো বিশ্বেই অনবায়নযোগ্য জ্বালানির মহাসংকট দেখা দেবে। তাই এখন থেকেই আমরা জ্বালানির বিকল্প উৎস ও নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার দেখাতে চেয়েছি।’

আবার নটর ডেম কলেজের দ্বিতীয় বর্ষের তালহা তৈরি করেছে মাছের আঁশ থেকে ক্যাপসুলের বাইরের খোল তৈরির প্রকল্প। ‘বাংলাদেশে ওষুধশিল্প খুব সম্ভাবনাময় একটি শিল্প। কিন্তু ক্যাপসুল-জাতীয় ওষুধের খোল তৈরির খরচ অনেক বেশি। অথচ মাছের আঁশ ব্যবহার করে ক্যাপসুলের খোল তৈরির খরচ প্রায় ৯০ শতাংশ কমিয়ে আনা সম্ভব বলে জানায় তালহা।

হলিক্রস কলেজের শ্রাবণী মণ্ডল, উম্মে তাবাসসুম ও জোহরা রুমি তৈরি করেছে ‘ব্লক ডিজাইন টেস্ট’ নামে মানসিক দক্ষতা নির্ণয়ের একটি প্রকল্প। তারা জানায়, ‘এর মাধ্যমে মানসিক প্রতিবন্ধিতা শনাক্ত করা ও মানুষের মানসিক দক্ষতা নির্ণয় করে তাকে সে অনুযায়ী কাজ দিয়ে উৎপাদন বৃদ্ধি করা সম্ভব।’

ঢাকা শহরে একটু বৃষ্টি হলেই জমে যায় হাঁটু সমান পানি। তাই নটর ডেম কলেজেরই প্রথম বর্ষের তানজীম আহসান ও ইনতিসার রাশাদ তৈরি করেছে সমন্বিত বর্জ্য ব্যবস্থাপনার একটি প্রকল্প। একই কলেজের দ্বিতীয় বর্ষের মাশরাফি মাশিয়াত ও সাদমান শামসুর রহমান একটু ভিন্ন ধরনের বর্তনী ব্যবহার করে তৈরি করেছে দৈনন্দিন জীবনে বিদ্যুতের অপচয় কমিয়ে আনার আরেকটি প্রকল্প।

কেবল বড়রাই নয়, মেলায় এসেছিল অনেক ‘খুদে বিজ্ঞানীও’। তেমনই একজন বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুলের দ্বিতীয় শ্রেণীতে পড়ুয়া ইলমান রাসিন মায়ের হাত ধরে এসেছিল বিজ্ঞান মেলা ঘুরে দেখতে। সে জানায়, ‘আমি বড় হয়ে ইঞ্জিনিয়ার হতে চাই এবং অনেক কিছু জানতে চাই, তাই মেলায় এসেছি।’

কেবল বিজ্ঞানের প্রকল্পই নয়, একই আয়োজনে গত ২১ সেপ্টেম্বর অনুষ্ঠিত হয় পদার্থবিদ্যা, রসায়ন ও জীববিজ্ঞান অলিম্পিয়াড। এ ছাড়া ছিল বুদ্ধিমত্তার পরীক্ষা (আইকিউ টেস্ট) এবং সুডোকু মেলানোর প্রতিযোগিতাও।