নতুন রূপে ইয়াহু মেইল

ইয়াহুকে মার্কিন টেলিকম প্রতিষ্ঠান ভেরাইজন কিনে নেওয়ায় ব্যবহারকারীরা দুশ্চিন্তায় আছেন। তবে শুরুতেই ইয়াহু মেইল ব্যবহারকারীদের বড় ধরনের চমক দিল ভেরাইজন। একেবারে নতুন রূপে ইয়াহুকে সাজিয়েছে তারা। সেই সঙ্গে যুক্ত করেছে নতুন ফিচার। ভেরাইজনের কাছে ইয়াহু মেইল ব্যবহারকারীরা বেশ গুরুত্বই পাচ্ছেন।
নতুন নকশায় ইয়াহুকে আরও পরিষ্কার ও ব্যবহারবান্ধব করা হয়েছে। এসেছে নতুন রঙিন থিম। এ ছাড়া পরিবর্তন এসেছে লেআউটে। মেইল ব্যবহারকারীরা এখন সহজে ছবি ও ডকুমেন্টসে ঢুকতে পারছেন। ইতিমধ্যে ইয়াহু ওয়েবসাইটে এ পরিবর্তন চোখে পড়ছে।
মেইল সেবার নকশায় পরিবর্তন আনার পাশাপাশি বিজ্ঞাপনমুক্ত মেইল সেবাকে নতুন নাম দিয়েছে ভেরাইজন। বেশি গ্রাহক সুবিধার নিশ্চয়তা দিয়ে নতুন সেবাটির নাম দেওয়া হয়েছে ইয়াহু মেইল প্রো।
নতুন নকশার ইয়াহু মেইলে ব্যবহারকারীদের নিজের মতো গুছিয়ে রাখার সুবিধা যুক্ত হয়েছে। এ ছাড়া পছন্দের লেআউট যুক্ত করার সুবিধাও এসেছে। মেইলের মধ্যে এখন একটু বেশি জায়গা বেড়েছে বলে সহজে তথ্য খুঁজে পাওয়া যাবে। এ ছাড়া নতুন ইমোজি ব্যবহার করা যাবে এতে।
ইয়াহু কর্তৃপক্ষ বলেছে, ইয়াহুকে আরও উন্নত করা হয়েছে। যেকোনো ধরনের স্ক্রিনে কম গতির ইন্টারনেটেও ইয়াহু মেইল ভালো চলবে। এখন ইয়াহু মেইল আগের চেয়ে আরও ৫০ ভাগ দ্রুত গতিসম্পন্ন হয়েছে।
ইয়াহু অ্যাপের মধ্যে সার্চ সুবিধাও বেড়েছে।
এদিকে ইয়াহু মেইল প্রো সেবাটি ব্যবহার করতে বার্ষিক ৩৪ দশমিক ৯৯ মার্কিন ডলার খরচ করতে হবে।
যাঁরা নতুন নকশা পছন্দ হবে না, তাঁদের পুরোনো নকশা ব্যবহারের সুবিধাও রাখছে প্রতিষ্ঠানটি।
নকশায় পরিবর্তন এনে মেইল ব্যবহারকারীদের ইয়াহু আকৃষ্ট করতে পারে কি না, সেটাই এখন দেখার বিষয়। তথ্যসূত্র: এনডিটিভি।
আরও পড়ুন:
ইয়াহু মেইল থাকবে তো?