নতুন রূপে বিং (ভিডিও)
সার্চ ইঞ্জিন ‘বিং’কে নতুন রূপ দিয়েছে মাইক্রোসফট। গত ১০ মে বিং সার্চ ইঞ্জিনের নতুন নকশা উন্মুক্ত করেছে প্রতিষ্ঠানটি। মাইক্রোসফটের বরাত দিয়ে রয়টার্স জানায়, এখন বিং সার্চ ইঞ্জিন ব্যবহার করে প্রচলিত অনুসন্ধান ফল (সার্চ রেজাল্ট) ছাড়াও ফেসবুক ও অন্যান্য সামাজিক যোগাযোগের ওয়েবসাইটের অনুসন্ধানের ফল দেখার সুযোগ মিলবে। মাইক্রোসফট জানায়, গুগল সার্চের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলতেই বিংকে নতুন করে সাজানো হয়েছে।মাইক্রোসফট তিন কলাম স্ক্রিন ডিজাইনে সাজিয়েছে বিংকে। প্রচলিত সার্চ রেজাল্টের কলাম ছাড়াও ‘ইনস্ট্যান্ট স্ন্যাপশট’ কলাম যুক্ত করেছে। এই কলামটিতে কোনো লিংক, ম্যাপ, রিভিউ বিষয়ে তথ্য থাকবে। এ ছাড়া থাকবে ফেসবুক ফ্রেন্ডদের জন্য একটি কলাম।প্রযুক্তি বিশ্লেষকেরা জানিয়েছেন, ২০০৯ সালে চালু হবার পর থেকে সার্চ ইঞ্জিন হিসেবে বিংকে জনপ্রিয় করতে মাইক্রোসফটকে যথেষ্ট বেগ পেতে হয়েছে। বিংকে জনপ্রিয় করতেই এখন সামাজিক যোগাযোগের ওয়েবসাইটগুলোর নিউজ ফিড দেখানোর ব্যবস্থা করছে মাইক্রোসফট।বর্তমানে ইন্টারনেট সার্চের বাজারে ১৫ শতাংশ দখল করে আছে বিং। গুগলের দখলে রয়েছে ৬৬ শতাংশ।