নতুন রূপে বেসিস কার্যালয়
ঢাকায় নতুনভাবে সাজানো হয়েছে সফটওয়্যার ও তথ্যপ্রযুক্তি ব্যবসা খাতের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) কার্যালয়। এ উপলক্ষে গতকাল মঙ্গলবার বেসিসের কার্যালয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিজ্ঞান এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী ইয়াফেস ওসমান। তিনে বলেন, এই দেশে প্রত্যেক মানুষের কর্মসংস্থান করতে চাইলে তথ্যপ্রযুক্তির আরও উন্নয়ন ঘটাতে হবে। বক্তব্য শেষে প্রতিমন্ত্রী বেসিসের কার্যালয় ঘুরে দেখেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বেসিসের সভাপতি মাহবুব জামান। তিনি সাম্প্রতিক সময়ে বেসিসের বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বেসিসের সাবেক তিন সভাপতি এ তৌহিদ, এস এম কামাল ও হাবিবুল্লাহ এন করিম। নতুন কার্যালয় সম্পর্কে বেসিসের জ্যেষ্ঠ সহসভাপতি এ কে এম ফাহিম মাশরুর প্রথম আলোকে বলেন, এবার আমাদের নতুন কার্যালয়টিতে অত্যাধুনিক প্রযুক্তির সমন্বয় করা হয়েছে। আগের চেয়ে বেশি জায়গা নিয়ে এই কার্যালয়ে আলাদা আলাদা সেমিনার বা কর্মশালা করার ব্যবস্থা রাখা হয়েছে। —মোছাব্বের হোসেন