নতুন লুমিয়া আনল মাইক্রোসফট

মাইক্রোসফট গত ১৫ এপ্রিল বুধবার লুমিয়া ৫৪০ ডুয়াল সিম নামে মিড রেঞ্জের একটি লুমিয়া ফোন উন্মুক্ত করেছে। স্মার্টফোনটির দাম হবে ১৫০ মার্কিন ডলার। আগামী মাস থেকে এই স্মার্টফোনটি ভারত, মধ্যপ্রাচ্য, আফ্রিকা ও এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে বিক্রি শুরু করবে মাইক্রোসফট।
পাঁচ ইঞ্চি মাপের ডিসপ্লেযুক্ত স্মার্টফোনটিতে থাকছে উইন্ডোজ ৮.১ (লুমিয়া ডেনিম আপডেট)। এ বছরের শেষদিকে মাইক্রোসফট নতুন অপারেটিং সিস্টেম উইন্ডোজ ১০ উন্মুক্ত করলে তা এই ফোনটিতে চালানো যাবে।
স্মার্টফোনটিতে আছে ৭২০ বাই ১২৮০ পিক্সেলের এইচডি আইপিএস ডিসপ্লে, এক দশমিক দুই গিগাহার্টজের কোয়াড কোর কোয়ালকম প্রসেসর, এক জিবি র্যাম ও আট জিবি ইন্টারনাল স্টোরেজ সুবিধা।
স্মার্টফোনটির ওজন ১৫২ গ্রাম। এতে দুই হাজার ২০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি রয়েছে। এতে ইউএসবি ২.০, ব্লুটুথ, ওয়াই-ফাই হটস্পট, জিপিএস ও থ্রিজি সুবিধা রয়েছে। এই ফোনে মাইক্রোসফট অফিস স্যুট সমর্থন করবে। এই ফোনটি কিনলে বিনা মূল্যে ৩০ জিবি ওয়ান ড্রাইভ ক্লাউড স্টোরেজ সুবিধাও পাওয়া যাবে বলে ঘোষণা দিয়েছে মাইক্রোসফট।