নতুন লুমিয়া ফোনের তথ্য ফাঁস

নানা রকম তথ্য নিয়মিতই ফাঁস করে থাকে এভলিকস। এভলিকস নামের টুইটার অ্যাকাউন্ট থেকে সম্প্রতি নতুন একটি নকিয়া লুমিয়া হ্যান্ডসেটের স্ক্রিনশট (ছবি) প্রকাশ করা হয়েছে। বরাবরের মতোই এর সংক্ষিপ্ত বার্তা বা টুইটে ছিল একটিমাত্র শব্দ ‘মানিপেনি’। যা নতুন এই ফোনের সাংকেতিক নাম। এর আগে এভলিকসের ফাঁস করা আরেকটি তথ্যে উইন্ডোজ ফোন ৮.১ (উইন্ডোজ ব্লু) অপারেটিং সিস্টেম-চালিত নকিয়ার প্রথম স্মার্টফোনের সম্ভাব্য সাংকেতিক নাম গোল্ডফিঙ্গার এবং মানিপেনির কথা উল্লেখ করা হয়েছিল।উইন্ডোজ ফোন ৮.১ ফোনে ক্যাপাসিটিভ বোতামের বদলে অনস্ক্রিন বোতাম থাকার কথা। প্রকাশিত স্ক্রিনশট খেয়াল করলে দেখা যাবে নিচের দিকে ঠিক তাই রয়েছে। ওপরে তাকালে দেখা যাবে দুটি থ্রিজি সংকেত রয়েছে। আর আছে দুটি করে কল এবং মেসেজের প্রতীক। যার মানে হলো নতুন এই হ্যান্ডসেটে দুটি সিম কার্ড ব্যবহার করা যাবে।স্মার্টফোনের ছবিতে ব্যবহূত ঘড়িতে হ্যান্ডসেটের নাম উল্লেখ করার প্রচলন আছে নকিয়ার। এই যুক্তি মেনে স্ক্রিনশটে দেখানো ঘড়ির সময়ের দিকে তাকালে দেখা যাবে সেখানে বেজে আছে ৬:৩০। এ থেকে সহজেই অনুমান করা যেতে পারে এটি নকিয়া লুমিয়া ৬৩০। স্ক্রিনশটটি বিশ্লেষণ করে ধারণা করা হচ্ছে এর পর্দার রেজ্যুলেশন হবে ৭২০পি সমৃদ্ধ। ভারত ও চীনে দুই সিম কার্ড ব্যবহার করা যায়, এমন ফোনের জনপ্রিয়তা থাকায় এশিয়ার বাজার ধরতেই এটি বানানো হচ্ছে বলে ধারণা করা যায়।
—ক্রেজি ইঞ্জিনিয়ারস ডটকম অবলম্বনে মঈন চৌধুরী