নতুন সফটওয়্যার কিনেছে ফেসবুক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সামাজিক যোগাযোগের ওয়েবসাইট ফেসবুক কর্তৃপক্ষ ইসরায়েল থেকে একটি সফটওয়্যার কিনছে। মোবাইল ফোনসেট থেকে ফেসবুকের সঙ্গে যুক্ত হওয়ার এই স্টার্টআপ সফটওয়্যারটির নাম স্ন্যাপটু। ফেসবুক কর্তৃপক্ষ গত সোমবার এই খবর নিশ্চিত করেছে। যেকোনো ধরনের মোবাইল ফোনসেট থেকে এই সফটওয়্যারের মাধ্যমে ফেসবুকে যুক্ত হওয়া যাবে। ফেসবুকের একজন কর্মকর্তা বলেছেন, ‘আমরা চাই বিশ্বের সব মানুষের কাছে ফেসবুক পৌঁছে যাক। সব মানুষ সামাজিক যোগাযোগের এই অসম্ভব জনপ্রিয় ওয়েবসাইটটি ব্যবহার করুক। অনেক মোবাইল ফোনসেট আছে, স্মার্টফোনের মতো যেগুলোর ফিচার নেই। সেসব ফোন থেকে যাতে ফেসবুকে প্রবেশ করা যায়, সেজন্য এই স্টার্টআপ সফটওয়্যার কেনা হচ্ছে। এই সফটওয়্যার কেনার ব্যাপারে সম্প্রতি ইসরায়েলের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তির আওতায় স্ন্যাপটুর উদ্ভাবকেরা ফেসবুকের টিম হিসেবে কাজ করবেন। আমরা আশা করছি, স্ন্যাপটু সফটওয়্যারের মাধ্যমে আমরা অনেক বেশি লোককে ফেসবুকে যুক্ত করতে পারব।’ স্ন্যাপটু কর্তৃপক্ষ জানায়, মোবাইল ফোনসেটে ফেসবুকে প্রবেশ ও এর ব্যবহার সহজতর করতে তারা কঠোর চেষ্টা চালিয়ে যাবে। ২০০৭ সালে স্ন্যাপটু সফটওয়্যার উদ্ভাবন করেন ইসরায়েলের প্রযুক্তিবিদেরা। মূলত মোবাইল ফোনসেটে অত্যাধুনিক সব ফিচার ও অ্যাপ্লিকেশন যোগ করা এর উদ্দেশ্য। গবেষণা প্রতিষ্ঠান গার্টনারের হিসাব অনুযায়ী, গত বছর সারা বিশ্বে প্রায় ১৬০ কোটি মোবাইল ফোনসেট বিক্রি হয়েছে। এর মধ্যে স্মার্টফোন বিক্রি হয়েছে ২৯ কোটি ৬৬ লাখ। —এএফপি অবলম্বনে রোকেয়া রহমান