নতুন সাজে গুগল সার্চ
অনুসন্ধান সেবাদাতা গুগল এবার ব্যবহারকারীদের সার্চ বা অনুসন্ধানে নতুন অভিজ্ঞতা দেওয়ার পরিকল্পনা করেছে। গুগল সার্চকে নতুন করে সাজানোর এ পরিকল্পনার কথা জানিয়েছেন প্রতিষ্ঠানটির প্রধান অমিত সিংঘাল। এক খবরে এ তথ্য জানিয়েছে ‘নিউইয়র্ক টাইমস’।অমিত সিংঘাল জানিয়েছেন, গুগল ব্যবহারকারী কম্পিউটারের সামনে গিয়ে শুধু কম্পিউটারের সঙ্গে কথা বলবেন। আর কী খুঁজতে হবে তার নির্দেশ দেবেন। গুগল সেই সার্চ ফল হাজির করবে। গুগলের কর্মকর্তার ভাষ্য, গুগলের নতুন সার্চ হবে ‘স্টার ট্রেক’-এর মতো। নতুন সার্চ অভিজ্ঞতা দিতে সার্চ ইঞ্জিনের ফলগুলোতেও পরিবর্তন আনছে প্রতিষ্ঠানটি। মানুষ কী খুঁজতে গুগলে এসেছে, তা আগেভাগেই অনুমান করতে পারবে গুগল। গুগলের হোমপেজে গিয়ে ছোট বক্সটির মধ্যে কোনো কিছু লিখলে আর সার্চ করতে হবে না।ভয়েস কন্ট্রোল বা কণ্ঠস্বর শনাক্তকারী প্রযুক্তি, টাচ ও সেন্সরসহ গুগল সার্চে নানা প্রযুক্তি যুক্ত হচ্ছে, যা গুগল সার্চকে উন্নত করবে বলেই মনে করছেন গুগলের কর্মকর্তারা।