নতুন সৃষ্টির সন্ধানে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর একটি হোটেলে গতকাল অ্যাপস প্রতিযোগিতার উদ্বোধন করেন ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের উপাচার্য জামিলুর রেজা চৌধুরী  ছবি: প্রথম আলো
রাজধানীর একটি হোটেলে গতকাল অ্যাপস প্রতিযোগিতার উদ্বোধন করেন ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের উপাচার্য জামিলুর রেজা চৌধুরী ছবি: প্রথম আলো

‘একটা সময় গেমস ও বিনোদনের জন্য বেশি অ্যাপস ব্যবহূত হতো মুঠোফোনে। এখন যুক্ত হয়েছে আরও নানা ধরনের অ্যাপস। তবে বিদেশিদের তৈরি অ্যাপস দিয়ে আমাদের সার্বিক পরিবর্তন সম্ভব হবে না।’গতকাল শনিবার রাজধানীর একটি হোটেলে ইএটিএল প্রথম আলো অ্যাপস প্রতিযোগিতা ২০১৪-এর উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের উপাচার্য জামিলুর রেজা চৌধুরী। তাঁর আশাবাদ, এ ধরনের প্রতিযোগিতার মাধ্যমে বাংলাদেশ থেকে সাড়া জাগানো অ্যাপস তৈরি হবে।এথিকস অ্যাডভান্সড টেকনোলজি লিমিটেড (ইএটিএল) ও প্রথম আলো আয়োজিত এ প্রতিযোগিতায় যে কেউ অংশ নিতে পারবেন। ‘নতুন সৃষ্টির সন্ধানে’ স্লোগান নিয়ে নয় মাস ধরে চলবে এ আয়োজন। বিভিন্ন পর্যায় পেরিয়ে ১০টি অ্যাপ যাবে চূড়ান্ত পর্বে।মুঠোফোন ও স্মার্টফোনে বিভিন্ন কাজের জন্য তৈরি করা হয় প্রোগ্রাম বা অ্যাপ্লিকেশন (অ্যাপস)। খবর, বিনোদন, গেমস, স্বাস্থ্য, শিক্ষা ইত্যাদি বিষয়ে অসংখ্য অ্যাপ রয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে রূপালী ব্যাংকের চেয়ারম্যান আহমেদ আল কবির বলেন, ‘আমাদের তরুণেরাই পরিবর্তন আনবে এবং দেশকে এগিয়ে নিয়ে যাবে। জনসংখ্যাই আমাদের শক্তি এবং তথ্যপ্রযুক্তি ব্যবহারের মাধ্যমে আমাদের এগিয়ে যাওয়া সম্ভব।’ অনুষ্ঠানে প্রথম আলোর সম্পাদক ও প্রকাশক মতিউর রহমান বলেন, ‘বিস্ময়কর একটা জগতে এখন আমরা আছি। সংবাদমাধ্যমের সব কাজেই এখন প্রযুক্তির ছোঁয়া। এর সঙ্গে তাল মিলিয়ে চলতে না পারলে পিছিয়ে পড়তে হবে।’ ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর বলেন, ‘যারা ভালো কিছু করতে চায়, তাদের সঙ্গে থাকতে পারলে আমরা খুশি হই। ডিজিটাল বাংলাদেশ গড়ে তোলার পেছনে এ রকম আয়োজন শক্তি জোগাবে।’

অনুষ্ঠানে সমাপনী বক্তব্য দেন ইএটিএলের চেয়ারম্যান এম এ মুবিন খান। তিনি জানান, প্রতিযোগিতায় শীর্ষ তিন বিজয়ী পাবেন যথাক্রমে ১০ লাখ, পাঁচ লাখ ও দুই লাখ টাকা পুরস্কার। এ ছাড়া চতুর্থ থেকে দশম স্থান অধিকারী দলের প্রত্যেকে পাবেন একটি করে অ্যান্ড্রয়েড স্মার্টফোন। সেরা ১০ দলের সদস্যরা পাবেন ইএটিএলে চাকরির সুযোগ।

অনুষ্ঠানের শুরুতে গত বছর প্রথমবারের মতো অনুষ্ঠিত অ্যাপস প্রতিযোগিতার বিস্তারিত এবং চলতি বছরের আয়োজনের নানা বিষয় তুলে ধরেন ইএটিএলের প্রধান নির্বাহী নিজাম উদ্দীন আহমেদ।

আনুষ্ঠানিক উদ্বোধন হলেও নিবন্ধন শুরু হবে কাল থেকে। নিবন্ধন করা যাবে www.eatlapps.com ঠিকানার ওয়েবসাইট থেকে।

প্রতিযোগিতায় ধারণাপত্র জমা দেওয়ার শেষ তারিখ ১৫ সেপ্টেম্বর। ধারণাপত্র নিয়ে আলোচনার জন্য দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বিশেষ আয়োজনও করা হবে। এসব পর্বে অ্যাপস উন্নয়নে সহায়তা করবেন বিশেষজ্ঞরা। অক্টোবরে অনুষ্ঠিত হবে গ্রুমিং পর্ব এবং আগামী বছরের ২৯ মার্চ হবে চূড়ান্ত পর্ব।

এ আয়োজনের প্রধান পৃষ্ঠপোষক রূপালী ব্যাংক লিমিটেড। টেলিযোগাযোগ সহযোগী টেলিটক থ্রিজি, মিডিয়া পার্টনার চ্যানেল আই এবং রেডিও পার্টনার এবিসি রেডিও।