নতুন স্টার্টআপ চালু করেছেন টেসলার প্রধান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘নিউরালিংক’ নামে একটি নতুন উদ্যোগ (স্টার্টআপ) চালু করেছেন টেসলার প্রধান নির্বাহী কর্মকর্তা ইলন মাস্ক। প্রতিষ্ঠানটি মূলত কম্পিউটারের সঙ্গে মানুষের মস্তিষ্ক যুক্ত করার প্রযুক্তি তৈরির লক্ষ্যে কাজ করবে। যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল-এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। পরে অবশ্য ইলন মাস্কও এক টুইট বার্তার মাধ্যমে খবরটি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘আমাদের এই প্রতিষ্ঠানটি একেবারেই প্রাথমিক পর্যায়ে রয়েছে এবং প্রতিষ্ঠানটিকে “ওষুধ গবেষণা” ফার্ম হিসেবে নিবন্ধিত করেছি।’

প্রতিষ্ঠানটি তথাকথিত ‘স্নায়ু লেস’ প্রযুক্তি বিকাশ করবে, যার মাধ্যমে মস্তিষ্কে ক্ষুদ্র ইলেকট্রোড স্থাপন করা যাবে। এই প্রযুক্তি স্মৃতিশক্তির উন্নতির জন্য ব্যবহার করা যাবে কিংবা মানুষকে কৃত্রিম বুদ্ধিমত্তার সঙ্গে যুক্ত করতে পারবে। ওয়াল স্ট্রিট জার্নাল-এর প্রতিবেদন অনুযায়ী এই খাতের সঙ্গে সংশ্লিষ্ট যুক্তরাষ্ট্রের শীর্ষ একাডেমিয়ানরা প্রতিষ্ঠানটিতে কাজ করার জন্য ইতিমধ্যেই চুক্তিবদ্ধ হয়েছেন। ইলন মাস্কের ব্যক্তিগত অর্থায়নেই এই নতুন প্রযুক্তি উদ্ভাবনের কাজটি করা হবে।

বিশেষজ্ঞরা এমন একটি সময়ের কথা কল্পনা করছেন, যখন মানুষ তাঁদের চিন্তাভাবনা আপলোড ও ডাউনলোড করে নিতে পারবেন। বর্তমান সময়ে ইলন মাস্ককে ভাবা হয় সিলিকন ভ্যালির সবচেয়ে দূরদর্শী একজন উদ্যোক্তা হিসেবে। অবশ্যই বর্তমানে তিনি একজন ব্যস্ততম উদ্যোক্তা। ইলেকট্রিক কার টেসলার প্রধান হিসেবে পরিচিতি বেশি থাকলেও আরও কিছু সুদূরপ্রসারী উদ্যোগের সঙ্গে সম্পৃক্ত তিনি। যেমন বলা যেতে পারে ‘স্পেস এক্স’ নামে মহাকাশযান প্রতিষ্ঠান, হাইপারলোপ নামক নতুন গাড়ি নির্মাণের প্রকল্পের কথা।

মোখলেছুর রহমান, সূত্র: বিবিসি