নতুন স্মার্টওয়াচ আনছে সনি

ইলেকট্রনিক পেপার বা ই-পেপার দিয়ে তৈরি বিশেষ স্মার্টওয়াচ তৈরি করছে প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান সনি। এই স্মার্টওয়াচে স্টাইলের বিষয়টিকে বেশি গুরুত্ব দিচ্ছে প্রতিষ্ঠানটি।
সনির ঘনিষ্ঠ একটি সূত্রের বরাতে ব্লুমবার্গ জানিয়েছে, সনির নতুন স্মার্টওয়াচের পুরো পৃষ্ঠ এবং ব্যান্ডটিও ডিসপ্লে হিসেবে কাজ করবে। এতে পেটেন্ট করা ই-পেপার প্রযুক্তি ব্যবহৃত হবে। অবশ্য এই ই-পেপার কীভাবে কাজ করবে সেটি জানায়নি ওই সূত্র। এই স্মার্টওয়াচ বিষয়ে সনিও আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য জানায়নি।
ব্লুমবার্গের প্রতিবেদনে বলা হয়েছে, ই-পেপার প্রযুক্তির স্মার্টওয়াচটি অন্যান্য স্মার্টওয়াচ এবং প্রচলিত ই-রিডার যন্ত্রগুলোর চেয়ে আলাদা হবে।
বাজার বিশ্লেষকেরা বলছেন, পরিধেয় প্রযুক্তিপণ্যের বাজার এখনও ছোট হলেও এই বাজারে প্রযুক্তিপণ্য নির্মাতারা আগ্রহ দেখাচ্ছে। ইতিমধ্যে স্যামসাং, পেবল ও এলজি স্মার্টওয়াচ তৈরি শুরু করেছে। এই স্মার্টওয়াচে অ্যাপ্লিকেশন চালানো এবং বিভিন্ন নটিফিকেশন দেখা যায়। এর আগে সনিও গুগলের অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমচালিত স্মার্টওয়াচ বাজারে এনেছে।