নতুনত্ব আসছে পোকেমন গো গেমে
ভিডিও গেমে আসক্তদের মাঠে-ঘাটে দৌড়ঝাঁপের স্বাদ দিতে গত বছরের জুলাই মাসে বাজারে আসে মোবাইল গেম পোকেমন গো। পোকেমন কার্টুনের চরিত্র ও গল্পের আদলে তৈরি এই গেম অল্প দিনেই ব্যাপক সাড়া ফেলে সারা বিশ্বে। তবে অনেক দিন ধরেই হালনাগাদের অভাবে সেই জনপ্রিয়তা যেন কিছুটা ম্লান হয়ে গেছে। এই গেমে বড় ধরনের নতুন কিছু যোগ করা হচ্ছে বলে সম্প্রতি ঘোষণা দিয়েছেন নির্মাতাপ্রতিষ্ঠান নিয়ানটিকের প্রধান নির্বাহী কর্মকর্তা জন হ্যাঙ্ক। আগামী জুলাইয়ে প্রায় ২০ হাজার গেমারকে নিয়ে যুক্তরাষ্ট্রের শিকাগোতে একটি অনুষ্ঠান করতে যাচ্ছে প্রতিষ্ঠানটি। সেখানেই এই নতুন সংস্করণের উন্মোচন করা হবে।
আগামী কয়েক সপ্তাহের মধ্যেই বেশির ভাগ পরিবর্তনগুলো ধীরে ধীরে হালনাগাদ করা হবে। নতুন পোকেমন গোর সবচেয়ে বড় হালনাগাদে পরিবর্তন আসবে এর জিমে। নতুন করে সাজানো হবে পোকেমনদের যুদ্ধক্ষেত্র বলে পরিচিত এই জিমকে। জিমকে আরও বেশি ব্যবহারযোগ্য ও আকর্ষণীয় করে তোলা হবে। তাই আগামী কয়েক সপ্তাহ গেমটির সংস্করণ চলাকালীন এই জিম বন্ধ রাখা হবে। এ ছাড়া আরও অনেক কিছু পরিবর্তন আসছে। সেসব পরিবর্তনের কয়েকটি এখানে তুলে ধরা হলো।





