নতুনধারার গণমাধ্যম নিয়ে নানা উদ্ভাবন দেখা গেল কাতারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দোহায় অনুষ্ঠিত সম্মেলনে অংশগ্রহণকারীদের একাংশ
দোহায় অনুষ্ঠিত সম্মেলনে অংশগ্রহণকারীদের একাংশ

১৯টি চ্যালেঞ্জের সমাধান আর সেরা প্রকল্পগুলোকে আর্থিক পুরস্কার দেওয়ার মাধ্যমে কাতারের দোহায় শেষ হলো তিন দিনের ‘মিডিয়া ইনোভেশন’ কারিগরি সম্মেলন। আল-জাজিরা মিডিয়া নেটওয়ার্কের উদ্যোগে আয়োজিত এ সম্মেলনের শেষ দিন গতকাল সোমবার সকালে অংশগ্রহণকারীরা নিজেদের চ্যালেঞ্জের সমাধান এবং উদ্ভাবন উপস্থাপন করেন।
এই আয়োজন ছিল নতুনধারার গণমাধ্যমে কী ধরনের কারিগরি উদ্ভাবন করা যায় সে বিষয়ে। বিচারকদের রায়ে সেরা প্রকল্প হয়েছে ‘পারসপেকটিভ’, নিউজক্লিপস, টিনি এফএম, রিপোর্টার ও অ্যাকুমেন। বিজয়ী পাঁচটি প্রকল্পের প্রতিটি তিন হাজার ডলার করে পুরস্কার পেয়েছে। আরও কয়েকটি প্রকল্প এক হাজার ডলার করে পুরস্কার পেয়েছে।
সমাপনী অনুষ্ঠানে আল-জাজিরার মহাপরিচালক মোস্তেফা সোয়াগ বলেন, ‘আমরা এমন একটি সময়ে ৩৭টি দেশের অংশগ্রহণকারীকে প্রযুক্তি ও উদ্ভাবনে একত্র করতে পেরেছি, যখন সারা বিশ্ব এগিয়ে চলেছে আধুনিক প্রযুক্তি আর উদ্ভাবনকে সঙ্গী করে। আশা করছি, এ চ্যালেঞ্জগুলোর সমাধান নতুনধারার গণমাধ্যমকে (নিউ মিডিয়া) দারুণ সহায়তা করতে পারবে। অনুষ্ঠানে বক্তব্য দেন আল-জাজিরার কৌশলগত এবং উন্নয়ন বিভাগের নির্বাহী পরিচালক ইয়াসের বিশার, প্রধান বিচারক রিম আল মানসুরি।

নানা ধরনের চ্যালেঞ্জ সমাধানের মধ্যে ছিল সহজে মানচিত্রের মাধ্যমে নির্দিষ্ট স্থানের সংবাদ জানা, বিশ্বের বড় বড় খবরের সর্বশেষ অবস্থা মানচিত্রের সাহায্যে নির্দিষ্ট স্থানে ভিডিও আকারে দেখা, সংবাদ, মতামত কিংবা অন্যান্য লেখায় ভালো মন্তব্য করাবিষয়ক সচেতনতামূলক উদ্যোগ ইত্যাদি প্রকল্প। গত ২৯ নভেম্বর কাতারের দোহায় শুরু হয় এ সম্মেলন। কাতারের জাতীয় সম্মেলন কেন্দ্রে এই আয়োজনে ৩৭টি দেশের ৯০ জন সাংবাদিক, গবেষক, শিক্ষক, নিউ মিডিয়া ও সামাজিক মাধ্যম বিশেষজ্ঞরা অংশ নেন।
—নুরুন্নবী চৌধুরী, দোহা (কাতার) থেকে