নতুনভাবে আসছে গুগল নাউ
বিশ্বখ্যাত সার্চ ইঞ্জিন গুগলের ‘গুগল নাউ’ নতুন বছরে নতুনভাবে আসছে। আগামী বছরের শুরুতে আরও কিছু সেবায় নতুন নতুন সুবিধা যোগ করবে গুগল। ফলে ব্যবহারকারীরা তথ্য খোঁজার আরও উন্নত সুবিধা পাবেন। গুগলের কয়েকজন নির্বাহী কর্মকর্তা জানান, গুগল যাতে ব্যবহারকারীর ব্যক্তিগত সহকারীর মতো কাজ করতে পারে এ পরিবর্তনগুলো আনার অন্যতম কারণ এটি। অর্থাত্ উন্নত তথ্য কিংবা ছবি খোঁজার ক্ষেত্রে গুগলই হবে সবচেয়ে কাছের সহযোগী।
গুগলের প্রকৌশল বিভাগের পরিচালক স্কট হাফম্যান বলেন, ‘ব্যক্তিগত সহকারীর কাছ থেকে যেসব সুবিধা পাওয়া যায়, সেসব তথ্য খোঁজার ক্ষেত্রে বিশেষ টুলস হিসেবে ব্যবহারকারীকে যাতে আরও উন্নত ফলাফল খুঁজে দিতে পারে, সেটিই আমরা করে যাচ্ছি।’ আরও দ্রুত এবং সঠিক ফলাফল খুঁজে দিতে গুগলের বিভিন্ন টুলসকে আরও সক্রিয় করা হচ্ছে। এর একটি উদাহরণ হিসেবে বলা হয়, কোনো ব্যবহারকারী যখন গাড়ি চালাতে থাকেন কিংবা নিজের ঘরে থাকেন, তখন মাইক্রোফোনের সাহায্যে নিজের তথ্য বা ছবি খোঁজার বিষয়টি বলে ‘ওকে গুগল’ নির্দেশ (ভয়েস কমান্ড) দিয়েই কাজটা করে নিতে পারবেন। এমন সহকারী হিসেবে কাজ করার জন্য আরও উন্নতভাবে তৈরি করা হচ্ছে ‘গুগল নাউ’ (www.google.com/landing/now)। এটি অ্যাপ আকারে আইওএস কিংবা অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা নামাতে পারবেন। চলতি পথে নিজের প্রিয় স্মার্টফোন বা ট্যাবলেটে গুগল নাউ ব্যবহার করে নিজের পছন্দ জানা, ভ্রমণের প্রয়োজনীয় বুকিং দেওয়া, জিমেইল ব্যবহার, আবহাওয়ার খবর, মানচিত্রের সাহায্যে পথ খোঁজা—সবকিছুই করা যাবে। একবার জিমেইলের ইউজার নেম আর পাসওয়ার্ড দিয়ে লগ-ইন করেই এসব সুবিধা পাওয়া যাবে। এমন আরও বেশ কিছু সুবিধা নিয়ে নতুন বছরে ব্যবহারকারীদের আরও কিছু চমক দিতে চায় গুগল। —টাইমস অব ইন্ডিয়া অবম্বলনে কাজী আলম