
১১ মে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগ নবম ব্যাচের শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হয় এক মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে। নবীনদের চমকে দিতে হরেক রকম আয়োজনের কমতি ছিল না বিভাগের জ্যেষ্ঠ শিক্ষার্থীদের।
‘তীরহারা এই ঢেউয়ের সাগর পাড়ি দিব রে’ গানের মাধ্যমে সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়। এরপর একে একে নাচ, গান, কবিতা আবৃত্তি, অভিনয় দিয়ে গোটা মঞ্চ কাঁপিয়ে তোলেন শিক্ষার্থীরা। সপ্তম ব্যাচের শিক্ষার্থী রমা দাস ও নবম ব্যাচের নবীন শিক্ষার্থী নীলা জানান, ‘অনেক ভালো লাগছে। এত সুন্দর করে যে নবীনবরণ হতে পারে কল্পনাও করতে পারিনি।’ অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষক সুমন ও ফারহানার দ্বৈত সংগীত। এরপর অষ্টম ব্যাচের শিক্ষার্থী বৃষ্টির রবীন্দ্রসংগীত ও ষষ্ঠ ব্যাচের শিক্ষার্থী অনন্যার ‘ধিম তা না’ গানের তালে মাতোয়ারা হয় পুরো মঞ্চ। অষ্টম ব্যাচের নাসরিন ও নীলার নাচে শিক্ষার্থীরা উল্লাসে ফেটে পড়েন। এরপর সপ্তম ব্যাচের শিক্ষার্থী লাবণ্য ও ষষ্ঠ ব্যাচের শিক্ষার্থী সুমনের গানে সবাই যখন গলা মেলাতে ব্যস্ত, তখন নাচ নিয়ে মঞ্চে হাজির হন সপ্তম ব্যাচের চার শিক্ষার্থী। তাঁদের নাচের প্রশংসায় সবাই যখন ব্যস্ত, তখন অষ্টম ব্যাচের শিক্ষার্থী মারকুস ‘বন্দে মায়া লাগাইছে’ নিয়ে মঞ্চে উপস্থিত হন। এরপর ‘শ্রাবণের মেঘ’ গান নিয়ে আসেন চতুর্থ ব্যাচের শিক্ষার্থী আবদুর রহমান। অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে অভিনয় নিয়ে আসেন সমাজবিজ্ঞান ক্লাবের শিক্ষার্থীরা। তাঁদের অভিনয়ে যখন সবাই মুগ্ধ, তখন ঘড়ির কাঁটা একটা ছাড়িয়ে গেছে। অনুষ্ঠানের সর্বশেষ পরিবেশনা ছিল এলএসবির পরিবেশনা। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনার দায়িত্বে ছিলেন ষষ্ঠ ব্যাচের শিক্ষার্থী সাদমান রহমান ও শামিমা শাম্মি৷ এ ছাড়া নাচের কোরিওগ্রাফিতে ছিলেন সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষক আইরিন সুলতানা।
অনুষ্ঠানের প্রথম পর্বে প্রধান অতিথির বক্তব্য দেন উপাচার্য অধ্যাপক মিজানুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের প্রোক্টর অশোক কুমার সাহা। পুরো অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন সমাজবিজ্ঞান বিভাগের চেয়ারপারসন ফরিদা আখতার খানম। এ ছাড়া অনুষ্ঠানটির আহ্বায়ক ছিলেন সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষক আশেক মাহামুদ।