নতুনের সঙ্গে পরিচয়ের উৎসব
‘ইন্টারনেট উৎসব শিক্ষার্থীদের তথ্যপ্রযুক্তির নতুন এক পৃথিবীর সঙ্গে পরিচয় করিয়ে দেবে। এ ধরনের পদক্ষেপের মাধ্যমে সত্যিকার অর্থে ডিজিটাল বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে। শিক্ষার্থীরা বিশ্বমানের প্রযুক্তির আলোয় আলোকিত হবে।’ গতকাল মঙ্গলবার ঝালকাঠিতে গ্রামীণফোন-প্রথম আলো ইন্টারনেট উৎসবে কথাগুলো বলেন ঝালকাঠি সরকারি কলেজের উপাধ্যক্ষ সৈয়দ আলী আজম।গতকাল ঝালকাঠি ছাড়া নীলফামারী, সিলেটের বিয়ানীবাজার, জামালপুরের সরিষাবাড়ী ও যশোরের কেশবপুরে ইন্টারনেট উৎসব হয়েছে।উৎসবের ভেন্যু শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে গ্রামীণফোনের পক্ষ থেকে সংযোগসহ একটি করে ইন্টারনেট মডেম দেওয়া হয়। এ ছাড়া ভেন্যু প্রতিষ্ঠান ও আই-জিনিয়াস প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীকে প্রথম আলোর পক্ষ থেকে শুভেচ্ছা উপহার দেওয়া হয়। আই-জিনিয়াস প্রতিযোগিতায় অংশ নেওয়া সব শিক্ষার্থীকে দেওয়া হয় ক্রেস্ট।ঢাকার বাইরে প্রথম আলোর প্রতিনিধিদের পাঠানো খবর:ঝালকাঠি: সকালে ঝালকাঠি সরকারি কলেজ মাঠে জাতীয় সংগীত পরিবেশনের সঙ্গে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে উৎসবের উদ্বোধন করেন ঝালকাঠি সরকারি কলেজের উপাধ্যক্ষ সৈয়দ আলী আজম ও ঝালকাঠি সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ বিমল চক্রবর্তী।শিক্ষার্থীদের তথ্যপ্রযুক্তিতে এগিয়ে চলার শপথবাক্য পাঠ করান প্রথম আলোর বরিশাল কার্যালয়ের প্রতিবেদক সাইফুর রহমান।অনুষ্ঠানে অধ্যক্ষ বিমল চক্রবর্তী বলেন, ‘প্রথম আলো ও গ্রামীণফোন প্রত্যন্ত অঞ্চলের শিক্ষার্থীদের ইন্টারনেটের মাধ্যমে জগৎ দেখানোর উদ্যোগ নিয়েছে। এ উদ্যোগকে স্বাগত জানাই।’গ্রামীণফোনের বরিশালের আঞ্চলিক ব্যবস্থাপক শেখ বরকত উল্লাহ বলেন, ‘ইন্টারনেট এখন আমাদের হাতের নাগালের মধ্যে। এখন বড় বড় শিক্ষাপ্রতিষ্ঠানে ইন্টারনেটের মাধ্যমে ভর্তির আবেদন গ্রহণ করা হচ্ছে।’অনুষ্ঠানে আরও বক্তব্য দেন প্রথম আলোর ঝালকাঠি প্রতিনিধি মো. আক্কাস সিকদার।এ উৎসবে আই-জিনিয়াস নির্বাচিত হয়েছে ঝালকাঠি সরকারি উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র মাহমুদ হাসান আকিফ।ঝালকাঠি সদরের ১১টি কলেজ ও বিদ্যালয়ের শিক্ষার্থীরা উৎসবে যোগ দেয়।নীলফামারী: নীলফামারী সরকারি মহাবিদ্যালয় মাঠে আয়োজিত উৎসবে নীলফামারী শহরের ১০টি শিক্ষাপ্রতিষ্ঠানের তিন হাজারের বেশি শিক্ষার্থী অংশ নেয়।উৎসবের উদ্বোধন করেন নীলফামারী সরকারি কলেজের অধ্যক্ষ লায়লা আরজুমান্দ বানু। এ সময় তিনি বলেন, ‘তরুণ প্রজন্মকে ইন্টারনেটের আলোয় উদ্ভাসিত হতে হবে।’ তিনি বলেন, ‘ইন্টারনেট সম্পর্কে সচেতনতা বাড়াতে হবে। আর সেই সচেতনতা বাড়ানোর দায়িত্ব নিয়েছে প্রথম আলো ও গ্রামীণফোন।গ্রামীণফোনের কর্মকর্তা নূরন্নবী সরকার বলেন, ‘উন্নয়নশীল দেশ হিসেবে আমাদের ইন্টারনেট ব্যবহার করা জরুরি।’আই-জিনিয়াস প্রতিযোগিতায় বিজয়ী হয় নীলফামারী সরকারি বালক উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্র অভিজিৎ পাল।দিনব্যাপী উৎসবে আই-জিনিয়াস প্রতিযোগিতার পাশাপাশি ছিল নানা ধরনের কুইজ ও গেম।সরিষাবাড়ী: উৎসবমুখর পরিবেশে জামালপুরের সরিষাবাড়ী পাইলট গার্লস স্কুল অ্যান্ড কলেজ মাঠে হয়ে গেল ইন্টারনেট উৎসব। উৎসবে ১২টি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় চার হাজার শিক্ষার্থী অংশ নেয়।সকালে সরিষাবাড়ী পাইলট গার্লস স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ সৈয়দ আবদুর রউফ অতিথিদের নিয়ে জাতীয় পতাকা উত্তোলন করেন।উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সরিষাবাড়ী কলেজের সাবেক অধ্যাপক আবদুল মান্নান, বাউসী বাঙ্গালী উচ্চবিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মো. বাহাদুর আলী, আর ইউ টি উচ্চবিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক জ্যোতিষ চন্দ্র সাহা, গ্রামীণফোনের আঞ্চলিক প্রধান সিরাজ উদ্দিন লস্কর ও প্রথম আলোর সরিষাবাড়ী প্রতিনিধি শফিকুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রথম আলোর উপ-ফিচার সম্পাদক পল্লব মোহাইমেন।উৎসবে সরিষাবাড়ী আর ইউ টি উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র নাজিউল ইসলাম আই-জিনিয়াস নির্বাচিত হয়। ইন্টারনেট উৎসব উপলক্ষে সরিষাবাড়ী বন্ধুসভা একটি বিশেষ বুলেটিন প্রকাশ করে।কেশবপুর: সকালে কেশবপুর কলেজ মাঠে কেশবপুর বালিকা বিদ্যালয়ের ছাত্রীদের জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে উৎসবের উদ্বোধন করা হয়। উৎসবের উদ্বোধন ঘোষণা করেন কেশবপুর কলেজের অধ্যক্ষ রফিকুল বারী।অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খান মোহাম্মদ নুরুল আমিন, গ্রামীণফোন যশোরের আঞ্চলিক ব্যবস্থাপক রিয়াজ আল ফারুক ভূঁইয়া ও সাগরদাঁড়ি আবু সারাফ সাদেক কারিগরি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ চঞ্চল কুমার বিশ্বাস। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন প্রথম আলোর কেশবপুর প্রতিনিধি দিলীপ মোদক।ইউএনও খান মোহাম্মদ নুরুল আমিন বলেন, ‘ইন্টারনেট উৎসবের মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলের শিক্ষার্থীরা তথ্যপ্রযুক্তির সঙ্গে যুক্ত হলো। এটা আমাদের জন্য বড় পাওয়া।’অনুষ্ঠানে আই-জিনিয়াস নির্বাচিত হয় কেশবপুর পাইলট স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণীর ছাত্র শেখ আলভী তাসনিম।বিয়ানীবাজার: বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে সিলেটের বিয়ানীবাজারে শেষ হলো ইন্টারনেট উৎসব। ১১টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উৎসবে যোগ দেয়।সকালে জাতীয় সংগীত পরিবেশন ও জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন বিয়ানীবাজার সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ দ্বারকেশ চন্দ্র নাথ। বিয়ানীবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা সুব্রত কুমার দে ইন্টারনেটের সঠিক ব্যবহার নিশ্চিত করার আহ্বান জানান। আর গ্রামীণফোনের কর্মকর্তা ইব্রাহীম আজাদ একটি ইন্টারনেট প্রজন্ম গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রুমা চক্রবর্তী, শিক্ষাবিদ আলী আহমদ, শিক্ষামন্ত্রীর একান্ত সহকারী সচিব মাকসুদুল ইসলাম আউয়াল প্রমুখ।উৎসবে আই-জিনিয়াস নির্বাচিত হয় বৈরাগীবাজার আইডিয়াল কলেজের ছাত্র জাবেদ আহমদ।অনুষ্ঠানে সমাপনী বক্তব্য দেন প্রথম আলোর বিয়ানীবাজার প্রতিনিধি আবদুল ওয়াদুদ।