নবায়নযোগ্য বিদ্যুতে আশার আলো
যুক্তরাষ্ট্রের কলোরাডোর বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠান এক্সেল এনার্জিতে কাজ করেন ডাইটন জোনস। গ্রিডে বায়ুবিদ্যুৎ যোগ করার কাজটা যে কতটা ঝামেলাপূর্ণ, তাঁর মতো আর কেউই হয়তো জানেন না। ডেনভার শহরের উপকণ্ঠে অবস্থিত এক্সেল ভবনের ১০ তলায় বসেন তিনি। কলোরাডোর বাতিগুলো সচল রাখার মূল দায়িত্ব জোনসের।
জোনসের মূল কাজ হচ্ছে, বিদ্যুতের চাহিদার সঙ্গে উৎপাদনের সমন্বয় করা। এ জন্য বিদ্যুৎকেন্দ্রগুলো সচল বা বন্ধ করে উৎপাদন নিয়ন্ত্রণ করতে হয়। উৎপাদন খুব বেশি বা খুব কম হলেই যন্ত্রপাতি নষ্ট হয়ে যেতে পারে; এমনকি পুরো গ্রিডকেই অন্ধকারে ডুবিয়ে দিতে পারে। বাতাসের গতি ক্ষণে ক্ষণে ওঠা-নামা করায় জোনসের চাকরিটা তাই অনেক কঠিন।
নবায়নযোগ্য উৎস থেকে আসা বায়ুবিদ্যুৎ নির্দিষ্ট একটা সময়ে কতটুকু গ্রিডে যুক্ত হবে, সেই ভবিষ্যদ্বাণী কয়েক বছর আগেও বিশ্বাস করতেন না জোনসের মতো কাজে নিযুক্ত ব্যক্তিরা। কারণ, অনেক ক্ষেত্রেই ভবিষ্যদ্বাণী ঠিক হতো না। কোনো কোনো সময় উৎপাদন একেবারেই বন্ধ হয়ে যেত। তাই জীবাশ্ম জ্বালানিচালিত কেন্দ্রগুলোকে কয়েক মিনিটের মধ্যেই চালু করার প্রস্তুতি রাখতে হতো সব সময়ই। এটা একদিকে যেমন ছিল ব্যয়বহুল, অন্যদিকে পরিবেশের জন্য ক্ষতিকর।
তবে সেই দুর্দিন আর নেই। এখন প্রতি মুহূর্তে ন্যাশনাল সেন্টার ফর অ্যাটমোস্ফিয়ারিক রিসার্চের (এনসিএআর) ভবিষ্যদ্বাণী পাচ্ছেন জোনস। জীবাশ্ম জ্বালানিচালিত কেন্দ্রগুলোকে বন্ধ করে রেখেছেন তিনি। কীভাবে সেটা সম্ভব হলো?
পশ্চিম কলোরাডোর সমতল ভূমিগুলোতে বসানো আছে শত শত বায়ুচালিত টারবাইন। সেগুলোর প্রতিটি প্রতি সেকেন্ডে বায়ুর গতি ও নিজের বিদ্যুৎ উৎপাদনক্ষমতার তথ্য সংগ্রহ করছে। পাঁচ মিনিট পরপর সেসব তথ্য পৌঁছে যাচ্ছে ১০০ মাইল দূরে অবস্থিত এনসিএআরের উচ্চক্ষমতাসম্পন্ন কম্পিউটারগুলোতে। সেখানে এসব তথ্যের সঙ্গে কৃত্রিম উপগ্রহ, আবহাওয়া দপ্তর এবং অঙ্গরাজ্যের অন্যান্য বায়ুবিদ্যুৎ উৎপাদন প্রতিষ্ঠানগুলো থেকে পাওয়া তথ্যের সঙ্গে মিলিয়ে দেখা হচ্ছে। ফলাফল, নজিরবিহীন নির্ভুলতার সঙ্গে বায়ুবিদ্যুৎ উৎপাদনের আগাম তথ্য পাওয়া যাচ্ছে। এতে করে অত্যন্ত কম খরচে অবিশ্বাস্য পরিমাণে বায়ুবিদ্যুৎ ব্যবহারের সুযোগ পাচ্ছে কলোরাডো, যা কিছুদিন আগেও অসম্ভব ব্যাপার বলে মনে হতো।
বায়ুবিদ্যুৎ উৎপাদন সম্পর্কে সঠিক ভবিষ্যদ্বাণী পাওয়ার ফলে পরিবেশের ক্ষতি অনেকটা কমিয়ে আনা যাবে বলে মনে করছেন গবেষকেরা। এনসিএআরের গবেষণাগারের উপপরিচালক উইলিয়াম মাহোনি বলেন, জীবাশ্ম জ্বালানিচালিত কেন্দ্র ব্যবহারের মাধ্যমে ‘আকাশে কার্বন নিক্ষেপ’ করা হচ্ছে। এতে টাকাও বেশি যাচ্ছে। আবার পরিবেশের বারোটাও বাজানো হচ্ছে। অন্যদিকে বায়ুবিদ্যুৎ উৎপাদন সম্পর্কে সঠিক ভবিষ্যদ্বাণী পাওয়ার ফলে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়বে। এতে করে কার্বন নিঃসরণের মাত্রা উল্লেখযোগ্য হারে কমে যাবে।
সূত্র: এমআইটি টেকনোলজি রিভিউ।
সেরা ১০ অগ্রগতি
আধুনিক বিজ্ঞান ও প্রযুক্তির জগতে প্রতিদিনই নানা অগ্রগতি হচ্ছে। কিন্তু সেগুলোর মধ্যে খুবই গুরুত্বপূর্ণ অর্জনের সংখ্যা হাতে গোনা। প্রযুক্তি ব্যবহারে এ বছরে নতুন মাত্রা এনে দিয়েছে—এমন কয়েকটি অগ্রগতি চিহ্নিত করা হয়েছে। প্রযুক্তিবিদদের এসব বড় সাফল্য আগামী বছরগুলোয় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আজ ছাপা হলো সপ্তম পর্ব
বায়ু বিদ্যুৎ
বায়ুর গতির আগাম তথ্য নির্ভুল উপায়ে পাওয়ার ক্ষেত্রে বিজ্ঞান গবেষণায় এসেছে যুগান্তকারী সাফল্য। এখন বায়ুচালিত বিদ্যুৎকেন্দ্রগুলোতে প্রতি মুহূর্তের উৎপাদন ক্ষমতার তথ্য পাওয়া যাচ্ছে। এতে করে জীবাশ্ম জ্বালানিচালিত বিদ্যুৎকেন্দ্রের ওপর নির্ভরতা ধীরে ধীরে কমছে। এতে যেমন অর্থের সাশ্রয় হচ্ছে, তেমনি পরিবেশের ক্ষতিও ঠেকানো যাচ্ছে।
কেন গুরুত্বপূর্ণ
উৎপাদন খরচ কম হওয়ায় বেশি বেশি বায়ুবিদ্যুৎ কেন্দ্র গড়ে উঠবে। গ্রিডে যুক্ত হবে আরও বেশি নবায়নযোগ্য জ্বালানি। দূষণের হাত থেকে বাঁচবে পৃথিবী।