নবীন উদ্যোক্তাদের জন্য শাবিপ্রবিতে সেমিনার
শিক্ষার্থী ও নবীন উদ্যোক্তাদের ‘কানেকটিং স্টার্টআপস’ প্রতিযোগিতার ধারণা দিতে গতকাল বুধবার সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) মিলনায়তনে একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। এতে বক্তৃতা করেন বেসিসের অনুষ্ঠান ও প্রকল্প নির্বাহী শাফায়েত চৌধুরী, প্রেনিউরল্যাবের প্রধান নির্বাহী কর্মকর্তা আরিফ নেজামি, সিলেটের টেকনেক্সট আইটির প্রতিষ্ঠাতা সৈয়দ রেজোয়ানুল হকসহ অনেকে।
সেমিনারে তথ্যপ্রযুক্তি বিষয়ে নতুন ধারণা ও নতুন উদ্যোক্তাদের সহায়তা করতে সরকারের বিভিন্ন উদ্যোগের সম্পর্কে বিশদভাবে আলোচনা করা হয়। তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগের সঙ্গে মিলে কানেক্টিং স্টার্টআপস প্রতিযোগিতাটি আয়োজন করেছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস), বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষ এবং বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল। কানেক্টিং স্টার্টআপস প্রতিযোগিতায় নিবন্ধনের শেষ সময় ৩০ জানুয়ারি। বিস্তারিত: www.connectingstartupsbd.net।